‘হাঁটুমোড়া মানববন্ধন’!
প্রতিবাদ কর্মসূচি পালনের কারণ-সংবলিত ব্যানার রাস্তায় বিছানো। তাতে সাম্প্রতিক সময়ে সাংবাদিক নির্যাতন, হত্যা ও মামলাসহ নানা রকম হয়রানি বন্ধের দাবি-কথা শোভা পাচ্ছিল।ব্যানার সামনে রেখে ১৮ জন তরুণ মুখে কালো কাপড় বেঁধে সারিবদ্ধভাবে দাঁড়ালেন। ঘড়ির কাঁটা ঠিক ১১টায় হাঁটুমোড়া দিয়ে তাঁরা সারিবদ্ধভাবে পাশাপাশি অবস্থান নিয়ে পালন করেন—‘হাঁটুমোড়া মানববন্ধন’! হাঁটুমোড়া অবস্থায় থাকার কষ্ট নির্যাতিত সাংবাদিকদের প্রতি সহমর্মিতা প্রকাশে এবং মুখে কালো কাপড় বেঁধে তাঁদের সংক্ষুব্ধ অবস্থান দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে গতকাল মঙ্গলবার ব্যতিক্রমী এই প্রতিবাদ কর্মসূচি পালন করে ‘সিলেট কল্যাণ সংস্থা’ নামের সামাজিক সংগঠন। নগরের জিন্দাবাজার-চৌহাট্টা এলাকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে ১০ মিনিটের প্রতিবাদ কর্মসূচি নগরবাসী অনেকের দৃষ্টি কাড়ে। এ কর্মসূচিতে আয়োজক সংগঠনের সদস্য ছাড়াও এসিড সন্ত্রাস নির্মূল কমিটিসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের নেতারা একাত্ম হন।কর্মসূচি শেষে সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. এহছানুল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা দেন এসিড-সন্ত্রাস নির্মূল কমিটির সাধারণ সম্পাদক জুরেজ আবদুল্লাহ, সাংবাদিক সজল ঘোষ, সংস্থার মহানগর কমিটির সাধারণ সম্পাদক আলী আহসান প্রমুখ। ‘হাঁটুমোড়া মানববন্ধন’ পালন প্রসঙ্গে সংগঠনের সভাপতি এহছানুল হক বলেন, ‘সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনাগুলো সমাজের জন্য অশনিসংকেত। নির্যাতিত হচ্ছেন সাংবাদিকেরা, কিন্তু বিচার পাচ্ছেন না। সাংবাদিক নির্যাতনবিরোধী দেশব্যাপী প্রতিবাদের সঙ্গে সংহতি রেখে এ কর্মসূচি। নির্যাতিত সাংবাদিকদের প্রতি সহমর্মিতা জানাতে আমরা ১০ মিনিটের জন্য হাঁটুমোড়ার কষ্ট সানন্দের সঙ্গে সয়েছি। পাশাপাশি আমাদের সংক্ষুব্ধ হওয়ার বিষয়টি প্রকাশ করতে মুখে কালো কাপড় বাঁধা ছিল।’