'হাঁসের পায়ে ঘুড়ি' বইয়ের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের সিআরপিতে হাঁসের পায়ে ঘুড়ি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা l প্রথম আলো
সাভারের সিআরপিতে হাঁসের পায়ে ঘুড়ি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা l প্রথম আলো

‘ভাষার মাসে আসুন, আশার আলো জ্বালি এবং প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের পাশে দাঁড়াই’—এই স্লোগান নিয়ে শিশুতোষ লেখিকা ও ছড়াকার নাজিয়া জাবীনের লেখা হাঁসের পায়ে ঘুড়ি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটি প্রকাশ করেছে ইগনাইট পাবলিকেশন্স।
প্রতিবন্ধী শিশুর কাহিনি নিয়ে লেখা বইটির মোড়ক উন্মোচনের জন্য গতকাল শনিবার সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) রেডওয়ে হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১১টায় সিআরপির উইলিয়াম ও মেরী টেইলর স্কুলের প্রতিবন্ধী শিশুদের কবিতা আর নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ভ্যালরি এ টেইলর। বিশেষ অতিথি ছিলেন বিউটিফুল মাইন্ড স্কুলের চেয়ারম্যান শিশু মনোবিজ্ঞানী শামিম মতিন চৌধুরী, প্লাস ওয়ানের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক রুবাবা দৌলা এবং সিআরপির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম। অতিথিদের আমন্ত্রণের দায়িত্বে ছিল স্পর্শ ব্রেইল প্রকাশনা।
অনুষ্ঠানে ভ্যালরি এ টেইলর বলেন, ‘প্রতিবন্ধী শিশুকে নিয়ে লেখা হাঁসের পায়ে ঘুড়ি বইটি পড়ে আমি অনুপ্রাণিত হয়েছি। প্রতিবন্ধীদের নিয়ে এ ধরনের গল্প ও ছড়া আরও বেশি করে লেখা উচিত। ধন্যবাদ জানাই সিআরপিতে এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করার জন্য।’
লেখক নাজিয়া জাবীন বলেন, বইটি একটা শিশুতোষ লেখা। এটা পড়ে প্রতিবন্ধী শিশুরা অনুপ্রাণিত হবে। তারা যে অনেক কিছু পারে সেটাই এই বইতে ফুটিয়ে তোলা হয়েছে। ছোট্ট শিশুটা হুইলচেয়ারে চড়ে, তার ইচ্ছা ঘুড়ি ওড়াবে। অনেক দিন ধরে সে মায়ের কাছে যাচ্ছে, ভাইয়ের কাছে যাচ্ছে। কিন্ত কেউ তাকে ঘুড়ি কিনে দিচ্ছে না। অবশেষে যখন সে ঘুড়ি পেল, তখন কিন্তু সে ঘুড়িটা ওড়াল। আসলে ইচ্ছা থাকলেই উপায় হয়।
রুবাবা দৌলা বলেন, ‘প্রতিবন্ধী হওয়ার পরেও আপনাদের যে মনোবল আছে সেটা দেখে আমরা কিন্তু অনুপ্রাণিত হই। অনেক শক্তি ও সাহস পাই সামনে এগিয়ে যাওয়ার জন্য।’