'হাঁড়ি-পাতিল উড়ায় নিয়া গেছে'
‘ঘরের সব হাঁড়ি-পাতিল, আসবাবপত্রই উড়ায় নিয়া গেছে। চুলা জ্বালাইয়া দুইডা রানবো তারও উপায় নাই। গত রাইতে (রোববার) ইউপি চেয়ারম্যান খিচুড়ি রান্না করে পাঠিয়েছিল। আজ খাবারের কোনো ব্যবস্থা নাই।’ কথাগুলো বলছিলেন ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের আলীয়াবাদ গ্রামের গৃহবধূ রীনা বেগম। গত রোববার দুপুরে ঝড়ে তাঁর ঘর বিধ্বস্ত হয়।
সদর উপজেলার গেরদা, আলীয়াবাদ, অম্বিকাপুর, কৃষ্ণনগর ও কৈজুরী ইউনিয়ন এবং সালথা উপজেলার আটঘর ও গট্টি ইউনিয়নের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়। গেরদা ইউনিয়নের জোবায়দা-করিম জুট মিলের চাল ধসে পড়ে চার শ্রমিক নিহত হন। সদর উপজেলায় চার শতাধিক ও সালথায় তিন শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়। আহত হন অন্তত ৬৪ জন।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, এসব এলাকার অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়ে আছে। অসংখ্য গাছ উপড়ে পড়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। এমনকি ঝড়ের কারণে কয়েকটি নলকূপও বাঁকা হয়ে গেছে।
আলীয়াবাদ গ্রামের ছমির ব্যাপারী গতকাল দুপুরে বলেন, ‘তিনডা ঘর ছিল, সবই পইড়া গেছে। রোববার রাইতে বাড়ির উঠানে মা, বউ ও ছেলেমেয়েদের নিয়া রাত কাটাতে হইছে।’ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ত্রাণ হিসেবে গেরদা ও কৈজুরি ইউনিয়নের দেড় হাজার পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল দেওয়া হবে। এ ছাড়া গেরদা ইউনিয়নের ৫০টি ও কৈজুরী ইউনিয়নের ২৫টি পরিবারের মধ্যে টিন বিতরণ করা হবে।