ঢাকা-মোহনগঞ্জ রেলপথে আন্তনগর ট্রেনের নামকরণ নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। তবে স্থানীয় এক সাংসদ ও কবি নির্মলেন্দু গুণ যে দুটি নাম প্রস্তাব করেছিলেন সেগুলোর কোনোটিই রাখা হয়নি। শেষ পর্যন্ত রেল কর্তৃপক্ষ ওই ট্রেনের নাম রেখেছে ‘হাওর এক্সপ্রেস’।
রেল সূত্রে জানা গেছে, নেত্রকোনা ও সুনামগঞ্জের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এ রেলপথে একটি আন্তনগর ট্রেন চালুর সিদ্ধান্ত নেয়। কিন্তু এর নামকরণ নিয়ে জটিলতার সৃষ্টি হয়। বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব, পাল্টা প্রস্তাব আসতে থাকে। জনপ্রতিনিধিরা নাম দিয়েছিলেন ‘কংশ এক্সপ্রেস’। আর নেত্রকোনার সন্তান কবি নির্মলেন্দু গুণ দিয়েছেন ‘কাশবন এক্সপ্রেস’। এ নিয়ে অনলাইন সামাজিক যোগাযোগের মাধ্যমে লেখালেখি ও ভোটাভুটিও হয়। কবি তাঁর দেওয়া নামের পক্ষে যুক্তি তুলে ধরে রেলমন্ত্রীর কাছে খোলা চিঠিও লিখেছিলেন। অবশেষে গত বুধবার তাঁদের কারও প্রস্তাব না রেখে ট্রেনটির নাম রাখা হয় হাওর এক্সপ্রেস।
নেত্রকোনা রেলস্টেশনের স্টেশন মাস্টার রফি উদ্দিন বলেন, ‘কংশ এক্সপ্রেস নামে ৮ জুলাই চিঠি এসেছিল। ২৩ জুলাই আবার টেলিফোনে জানতে পারি কংশ পরিবর্তিত হয়ে নেত্রকোনা এক্সপ্রেস করা হয়েছে। গত বুধবার বিকেলে জানতে পারি, হাওর এক্সপ্রেস নামকরণ করা হয়েছে। এ নামে আজ (বৃহস্পতিবার) ট্রেন পরীক্ষামূলকভাবে আসে।’
মোহনগঞ্জ স্টেশন মাস্টার শাহজাহান মিয়া জানান, রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১ আগস্টের পরিবর্তে ৩০ জুলাই মোহনগঞ্জে উদ্বোধনী অনুষ্ঠান করা হবে। আন্তনগর ট্রেনের চলাচলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
কবি নির্মলেন্দু গুণ বলেন, ‘আমরা ট্রেন পেয়েছি এতেই খুশি। নামকরণ নিয়ে আমার ক্ষোভ নেই। কংশ নামটি অপদেবতার নাম ছিল। সে জন্য আপত্তি করেছিলাম। এখন শুনেছি প্রধানমন্ত্রী নামকরণ করেছেন। তবে ভোটের রাজনীতির জন্য না হয়ে যদি হাওর অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য নামকরণটি করা হয়ে থাকে, তাহলে ভালোই হয়েছে।’