‘ভারতের বরাক নদে টিপাইমুখের বাঁধ হলে বাংলাদেশের সুরমা-কুশিয়ারা-মেঘনা নদী অববাহিকায় হাওরাঞ্চলের পানি ভারতীয় কর্তৃপক্ষের ইচ্ছায় নিয়ন্ত্রিত হবে। হাওরাঞ্চলের পানিতে ভারতের নিয়ন্ত্রণ চাই না।’ গতকাল সোমবার সিলেটে টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলনের উদ্যোগে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে অবস্থান গ্রহণ ও স্মারকলিপি কর্মসূচি পালনকালে প্রতিরোধ আন্দোলনের নেতারা এ কথা বলেন।প্রতিরোধ আন্দোলনের উদ্যোগে নদী অববাহিকা ১২ জেলা ও উপজেলাগুলোতে গতকাল একযোগে অবস্থান গ্রহণ ও স্মারকলিপি প্রদান করা হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান গ্রহণকালে প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক বেদানন্দ ভট্টাচার্যের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রবীণ রাজনীতিবিদ আরশ আলী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ, শহিদুল ইসলাম, সিপিবির আনোয়ার হোসেন, ন্যাপের ইসহাক আলী, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য সিকান্দর আলী, জাসদের জহির আহমদ, বাসদের হুমায়ূন রশীদ, যুব ইউনিয়নের রমেন্দ্র কুমার চন্দ প্রমুখ।অবস্থান গ্রহণ শেষে প্রতিরোধ আন্দোলনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।