‘হাওরে জাল যার জলা তার’ নীতির বাস্তবায়ন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। তাই সরকার কৃষি পুনর্বাসনে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। হাওর এলাকার উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। এতে হাওরের ফসল রক্ষা, স্থানীয় মানুষের শিক্ষা, চিকিৎসা, যোগাযোগব্যবস্থাসহ জীবনমান উন্নয়নের সবই থাকবে। হাওরে সরকার গৃহীত ‘জাল যার জলা তার’ নীতির বাস্তবায়ন করা হবে।গতকাল বুধবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে কৃষি উপকরণ-সহায়তা কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এই কর্মসূচির আওতায় সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার তিন লাখ ৮৫ হাজার ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে ৫০ কোটি টাকার সার ও বীজধান বিতরণ করা হবে।প্রধানমন্ত্রী বলেন, হাওরাঞ্চলে অকালবন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকেরা ফসল হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। তাঁদের কষ্ট দূর করতেই এ উদ্যোগ। কৃষি ভর্তুকি পাওয়ার জন্য মাত্র ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করা হয়েছে। একজন মানুষও যাতে অনাহারে না থাকে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী বেলা সাড়ে ১১টায় হেলিকপ্টারে তাহিরপুর উপজেলায় আসেন। পরে তিনি উপজেলা সদরের শনির হাওরের পারে কৃষি মন্ত্রণালয় আয়োজিত কৃষক সমাবেশে যোগ দেন। প্রধানমন্ত্রী ২০ জন কৃষকের হাতে সার ও বীজধান তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এরপর তিনি বক্তৃতা দেন।কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আক্তার হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মতিউর রহমান, স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন, কৃষি অধিদপ্তরের মহাপরিচালক সাঈদ আলী, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী ও কৃষক রনজু মুখার্জি।প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, পাহাড়ের পাদদেশে টাঙ্গুয়ার হাওরে পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে। সুনামগঞ্জ-সিলেট সড়কের উন্নয়ন করা হবে। হাওর এলাকার যেখানে বিদ্যালয় নেই সেখানে বিদ্যালয় স্থাপন করা হবে। সারা দেশের উপজেলা পর্যায়ের ৩৫ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করা হবে। জামালগঞ্জে সুরমা নদীর ওপর সেতু নির্মাণ করা হবে। ধরমপাশার মধ্যনগরে একটি চিকিৎসাকেন্দ্র নির্মাণ করা হবে। তাহিরপুরে একটি মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ করা হবে।সুনামগঞ্জের সঙ্গে গোপালগঞ্জের তুলনা করে শেখ হাসিনা বলেন, ‘আমি সুনামগঞ্জ আর গোপালগঞ্জকে আলাদা করে দেখি না। এখানকার মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক রয়েছে। গোপালগঞ্জ যেমন খাল-বিলের এলাকা, তেমনি সুনামগঞ্জও হাওর-বাঁওড়ের এলাকা।’অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, হাওরের মানুষের জীবন খুবই কষ্টকর। সরকার সেই কষ্ট দূর করতে কাজ করছে। হাওর উন্নয়ন বোর্ডের একটি দপ্তর সুনামগঞ্জে রাখা হবে।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশে মঙ্গা থাকে না। অভাব থাকে না। তিনি কৃষি উপকরণ-সহায়তা কর্মসূচির বাস্তবায়ন প্রসঙ্গে কর্মকর্তাদের সতর্ক করে বলেন, আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। ভালো কাজ করলে পুরস্কার পাবেন। কাজে ফাঁকি দেওয়া যাবে না।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমরা অতীতে দেখছি, হাওরের ফসল তলিয়ে গেলে প্রধানমন্ত্রীরা শুধু দুঃখ প্রকাশ করেন। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী হাওরবাসীর দুঃখ ঘোচাতে নিজে ছুটে এসেছেন।’ তিনি বিরোধী দলের সমালোচনা করে বলেন, ‘খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার কথা উঠতেই বিরোধীরা মধ্যবর্তী নির্বাচনের দাবি করছেন। তাঁকে বাড়ি ছাড়তেই হবে। নির্বাচনও হবে যথাসময়ে।’সমাবেশ শেষে প্রধানমন্ত্রী জেলা আওয়ামী লীগের ৪৫ জন নেতা-কর্মীকে নিয়ে উপজেলা গণমিলনায়তনে মতবিনিময় করেন। সেখানে তিনি দলীয় নেতা-কর্মীদের ত্যাগের মনোভাব নিয়ে জনগণের কল্যাণে কাজ করার এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তাদের সামনে তুলে ধরার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া সেনানিবাসে ১৬৮ কাঠা জমির একটি বাড়ি দখল করে রেখেছেন। অথচ সরকারের পক্ষ থেকে তাঁকে গুলশানে একটি বিলাসবহুল বাড়ি দেওয়া হয়েছে। যেখানে দেশের মানুষ দুই-তিন কাঠা জমির জন্য হা-পিত্যেশ করে, সেখানে তিনি একাই বিপুল পরিমাণ জমি দখল করে রেখেছেন। সেনাবাহিনীর জমি সামরিক কর্তৃপক্ষকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব সরকারের। সেনাবাহিনীকে এই জমি ফিরিয়ে দিতে পারলে তাদের আবাসন সমস্যার সমাধান হবে।