সংসারে দরিদ্র বৃদ্ধ মা-বাবা। বাধ্য হয়ে তিন বছর আগে থেকে কৃষিশ্রমিকের খাতায় নাম লেখায় বায়েজিদ ইসলাম। কাজে যেতে হওয়ায় বিদ্যালয়ে ছিল অনিয়মিত। সেই বায়েজিদ এবারের এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। বায়েজিদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের হাওরবেষ্টিত অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের সাবিয়ানগর গ্রামে। অষ্টগ্রামে এবারের এসএসসি পরীক্ষায় পাঁচ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে বলে উপজেলা শিক্ষা কার্যালয় জানিয়েছে। এর মধ্যে শুধু বায়েজিদই সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। এই ফলাফলে খুবই খুশি তার হক সাহেব উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরা।উচ্ছ্বাস প্রকাশ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এককথায় বলব, আমাদের বায়েজিদ এখন হাওরের বাতিঘর।’বায়েজিদের পরিবারের সদস্যরা জানান, হাওরে তাঁদের কোনো কৃষিজমি নেই। বাবা জারু মিয়া (৭০) ছিলেন ভ্রাম্যমাণ চা-বিক্রেতা। তাঁর আয় দিয়েই চলত সংসার। এদিকে শত প্রতিকূলতা ও দারিদ্র্যের মধ্যেও ছোট থেকেই প্রতিটি পরীক্ষায় মেধার ছাপ রেখেছিল বায়েজিদ। এ জন্য কষ্ট হলেও পড়ালেখা করিয়েছেন মা-বাবা। কিন্তু বছর তিনেক আগে বার্ধক্যের ভারে কর্মক্ষমতা হারান জারু মিয়া। সংসারের ভার পড়ে বায়েজিদের ওপর। শুরু করে কৃষিশ্রমিকের কাজ। সেই সঙ্গে চলতে থাকে পড়াশোনা।কথা হয় জারু মিয়ার সঙ্গে। ছেলের ফলাফলের প্রতিক্রিয়া জানতে চাইলে বলেন, ‘সংসার চালাইয়া আমার পোলা যে অত ভালা ফল করতে পারব, বুঝতে পারি নাই।’আবেগে কণ্ঠ ভার হয়ে আসে মা আনোয়ারা বেগমের (৬৫)। তিনি বলেন, ‘কী কমু। খাইয়া না-খাইয়া পরীক্ষা দিছে আমার পোলা।’নানাজনের অভিনন্দন, প্রশংসা ও ভালোবাসার মধ্যেও সামনে অন্ধকার দেখছে বায়েজিদ। তার ইচ্ছা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার। কিন্তু তার আগে কলেজে ভর্তি হতে হবে। সেই চিন্তায় ঘুরপাক খাচ্ছে বায়েজিদ।