নেত্রকোনা সরকারি মহিলা কলেজে উচ্চমাধ্যমিক ও স্নাতকপর্যায়ে মানবিক ও বিজ্ঞান শাখায় ছয়টি করে মোট ১২টি বিষয়ে পাঠদান করা হয়। এর মধ্যে তিনটি বিষয়ে কোনো শিক্ষক নেই। হাওলাতি (ধার করে) শিক্ষক দিয়ে কোনোরকমে চলছে তিন বিষয়ের পাঠদান। বাকি নয়টি বিষয়েও প্রয়োজনীয় শিক্ষক নেই।জানা যায়, কলেজে মোট ১৬ জন শিক্ষকের মধ্যে পাঁচটি পদই শূন্য। এর মধ্যে সহকারী অধ্যাপকের (বাংলা) পদটি দীর্ঘ পাঁচ বছর ধরে শূন্য। দর্শন, অর্থনীতি বিষয়ের একটি করে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দুটি প্রভাষক পদে কোনো শিক্ষক নেই।এ ছাড়া বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও উদ্ভিদবিজ্ঞান বিষয়ে একজন করে শিক্ষক রয়েছেন। ডিগ্রি কলেজের কাঠামো অনুযায়ী, এসব বিষয়ে দুই জন করে প্রভাষক থাকার কথা থাকলেও আরেকটি পদ এখনো সৃষ্টি হয়নি। কলেজের প্রতি বিষয়ে একজন সহযোগী অধ্যাপক, একজন সহকারী অধ্যাপক থাকার কথা। কিন্তু শুধু বাংলা বিষয়ের সহকারী অধ্যাপকের পদ ছাড়া কোনো বিষয়েই ওই দুটি পদ এখনো সৃষ্টি করা হয়নি। শিক্ষক সংকটের পাশাপাশি কলেজে কর্মচারী ও ছাত্রীদের আবাসন সংকটও প্রকট।কলেজ সূত্র জানায়, ১৯৬৯ সালে এক একর ২০ শতক জায়গার ওপর কলেজটি প্রতিষ্ঠিত হয়। সরকারিকরণ করা হয় ১৯৯১ সালে। কলেজের এক হাজার ৩০৭ জন ছাত্রীর মধ্যে আবাসনের ব্যবস্থা আছে মাত্র ১০৮ জনের।মানবিক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আকলিমা আক্তার, মারজিয়া হক, রোকসানা আক্তারসহ অনেক ছাত্রী অভিযোগ করেন, শিকক্ষের অভাবে তিনটি বিষয়ের নিয়মিত ক্লাস হয় না। মাঝেমধ্যে অন্য কলেজের শিক্ষকেরা ক্লাস নিলেও তাঁদের বুঝতে অসুবিধা হয়। এতে তাঁদের পাঠ্যক্রম শেষ না হওয়ার আশঙ্কা রয়েছে।কলেজের উপাধ্যক্ষ মঞ্জুর এ এলাহী খান জানান, তিনটি বিষয়ে কোনো শিক্ষক না থাকায় জেলার বারহাট্টা ও মদনপুর ডিগ্রি কলেজ থেকে শিক্ষক এনে সপ্তাহে তিন-চার দিন পাঠ দেওয়া হয়। কলেজের অধ্যক্ষ মো. আলমগীর আযাদ প্রথম আলোকে বলেন, প্রয়োজনীয় শিক্ষকের নতুন পদ সৃষ্টি ও শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার মহাপরিচালক ও শিক্ষা সচিবের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে।