মিনায় পদদলিত হয়ে হতাহত ও নিখোঁজ হাজিদের সন্ধান এবং তাঁদের উপযুক্ত সেবা দিতে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস ও হজ মিশন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এই অভিযোগ করেন।
মক্কা ও মিনায় নিহত হাজিদের আত্মার মাগফিরাত কামনা এবং আহত হাজিদের দ্রুত সুস্থতার জন্য আগামী শুক্রবার সারা দেশে সব মসজিদে দোয়া এবং অন্য ধর্মের উপাসনালয়ে বিশেষ প্রার্থনার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বিএনপির মুখপাত্র বলেন, ‘সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত যথাযথ ভূমিকা পালন করতে পারেননি। দূতাবাস এবং হজ মিশন আহত হাজিদের পাশে দাঁড়াতে পারেনি। তারা হাজিদের উপযুক্ত দেখভাল করছে না, খোঁজখবর নিচ্ছে না। আমরা এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি।’
সৌদি ব্যবস্থাপনা ‘ইউনিক’: মিনায় দুর্ঘটনার জন্য সৌদি সরকারের হজ ব্যবস্থাপনা নিয়ে কথা উঠেছে—এ ব্যাপারে বিএনপির বক্তব্য কী? এ প্রশ্নের জবাবে আসাদুজ্জামান নিজের হজ করার অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, হজের জন্য সৌদি কর্তৃপক্ষের ম্যানেজমেন্ট ইউনিক। হাজিদের আতিথেয়তায় তাদের (সৌদি) নিয়ে কোনো সংশয় নেই।
প্রধানমন্ত্রীর পুরস্কারে খুশি বিএনপি: সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রাপ্তিতে বিএনপি খুশি হয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশের যেকোনো অর্জনেই আমরা খুশি হই। কারণ এতে দেশ, দেশের পতাকার মর্যাদা জড়িত থাকে।’ তিনি বলেন, ‘এই পুরস্কার প্রধানমন্ত্রীই প্রথম পাননি। আমাদের দেশের নাগরিক সৈয়দ আতিক রহমান আট বছর আগে এ পুরস্কার পেয়েছিলেন, প্রধানমন্ত্রীও পেয়েছেন। যাঁরা এই পুরস্কার পেয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই।’
মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের মারধর করার নিন্দা জানিয়েছেন বিএনপির মুখপাত্র। তিনি মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, প্রশ্ন যদি ফাঁস না-ই হবে, তা হলে গ্রেপ্তারের ঘটনা কেন ঘটেছে?