
‘আমার হাতের কী হইব? ডাক্তার কি আমার হাত কাইটা ফালাইব? হাত না হইলে খামু ক্যামনে?’ মুরাদের (১০) এসব প্রশ্নের উত্তর জানা নেই মা রোজিনা আক্তারের।
কোনোভাবেই ঘুমাচ্ছে না মুরাদ। একটু পর পর নিজের ঝলসে যাওয়া হাত দেখছে আর নিঃশব্দে কেঁদে চলেছে।
গত ১ নভেম্বর রাজধানীর পান্থপথ মোড়ে লাল টেপে মোড়ানো ককটেলের বিস্ফোরণে ঝলসে যায় মুরাদের হাত। সড়ক বিভাজকের ওপর পড়ে থাকা লাল টেপে মোড়ানো ককটেলকে বল মনে করে হাতে তুলে নিতেই বিস্ফোরিত হয়। দুই হাতই ঝলসে যায় মুরাদের। আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয় তাকে।
ওই দিনের ঘটনা জানতে চাইলে মুরাদ বলে, ‘রোডে বল পইরা ছিল। এক্কেরে ক্রিকেট খেলার বলের মতো। লাল টেপে মোড়া টেনিস বল। বল তুইলা বন্ধুদের ডাকতাছি আর টেপের খোলা মাথায় হাত লাগাইছি। অমনি বুম। ধোঁয়ায় সব আন্ধার। পরে দেখি আমার হাতেই রক্ত।’
মুরাদের কথা, ‘চাচার সঙ্গে লেগুনায় কাজ করার সময় একবার বোমার এমন “বুম” আওয়াজ পাইছিলাম। কিন্তু বোমা দেখতে এইরহম বলের মতো হয়, তা জানি না।’
গ্রিনরোড আমবাগান বস্তির বাসিন্দা মুরাদ বাবা-মায়ের প্রথম সন্তান। বাবা অটোরিকশাচালক জামাল হোসেন বলেন, ‘টাকার লাগি মুরাদকে স্কুলে দিবার পারি নাই। বেতন ঠিকমতো দিতে পারতাম না। গত ছয় মাস ধইরা মুরাদ হের চাচার লগে লেগুনায় কাম করতেছিল।’
হাসপাতালের জরুরি বিভাগের এবি ওয়ার্ডের ৯১ নম্বর বিছানায় মুরাদের পাশে বসে একটু পর পর চোখ মুছছিলেন মা রোজিনা আক্তার। তিনি একটি পোশাক কারখানায় কাজ করেন। তাঁর স্বপ্ন মুরাদকে পড়াশোনা করাবেন। তিনি বলেন, ‘ইচ্ছা ছিল কিছু টেকা জমাইয়া পোলারে আবার স্কুলে ভর্তি করামু। হের আগেই তো পোলার হাত দুইডা গ্যাল।’
‘ক্ষমতাসীন দল নাকি বিরোধী দল, কে মুরাদের ভরণ-পোষণের ভার নেবে?’ জানতে চান বাবা জামাল হোসেন। তিনি বলেন, ‘দুই দলের কামড়া-কামড়ির ফলে রাস্তায় ককটেল বোমা পইরা থাকে। পুলিশও দেখে না। মরে সাধারণ জনগণ।’
রহিমা ও মুরাদের মতো খেলনা মনে করে ককটেলের আঘাতে গত ২২ এপ্রিল রাজধানীর হাজারীবাগে তানিয়া আক্তার নামে ৯ বছর বয়সী শিশু আহত হয়। এ ছাড়া রাজধানীর মিরপুরে ২৪ মার্চ খেলনা মনে করে রিয়া ও কুলসুম ককটেলের আঘাতে নিহত হয়।