'হাত চিকন', হাতকড়া খুলে পালাল আসামি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় চুরির মামলায় রিমান্ডের এক আসামি পুলিশের কাছ থেকে পালিয়ে গেছেন। বৃহস্পতিবারের এ ঘটনায় আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাঁর সন্ধান পায়নি পুলিশ। ওই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

জানতে চাইলে নেত্রকোনা সদর কোর্ট পরিদর্শক-২ মো. আবদুল বারি ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে আদালতের আদেশ কপি আনার সময় নিচে দুজন পুলিশ সদস্য ওই রিমান্ডের আসামির কাছে ছিলেন। সেখান থেকে আসামি সাইনুল মিয়া (২২) সুকৌশলে পালিয়ে যান। তাঁর হাত চিকন থাকায় হাতকড়া ছুটে যায়।

সাইনুল মিয়া কলমাকান্দা উপজেলার নলচাপড়া গ্রামের লাল মিয়ার ছেলে। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আদালত এলাকায় পুলিশের কাছ থেকে তিনি পালিয়ে যান।

কোর্ট পুলিশ সূত্রে জানা গেছে, ল্যাপটপ চুরির মামলায় সাইনুলকে গত সোমবার সকালে পুলিশ গ্রেপ্তার করে। ওই দিন বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরদিন মঙ্গলবার তাঁর বিরুদ্ধে দুই দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন নেত্রকোনা বিচারিক আদালত-৩-এর হাকিম আবদুল্লাহ হাবিব। গতকাল বৃহস্পতিবার বিকেলে আদালতে হাজির করে পুলিশ রিমান্ড চাইলে হাকিম আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে আদালত থেকে সাইনুলকে আদালত পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। তাঁর সঙ্গে অন্য মামলার আরেক আসামি ছিলেন। দুজনকে একসঙ্গে হাতকড়া দিয়ে রাখা হয়। সেখান থেকে সাইনুল হাতকড়া খুলে পালিয়ে যান।

দায়িত্ব অবহেলার অভিযোগে তিন কোর্ট পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। এঁদের মধ্যে একজন উপপরিদর্শক ও অপর দুজন কনস্টেবল। আজ শুক্রবার বিকেলে তাঁদের পুলিশ লাইনসে সরিয়ে নেওয়া হয়।

পুলিশ সুপার জয়দেব চৌধুরী রাত আটটার দিকে বলেন, পলাতক ওই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পালিয়ে যাওয়ায় তাঁর নামে আরও একটি মামলা হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে তিন কোর্ট পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। এঁদের মধ্যে একজন উপপরিদর্শক ও দুজন কনস্টেবল রয়েছেন।