'হাতখরচ' চালাতে ফেনসিডিল ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধুদের কাছে ফেনসিডিল বিক্রি করেই নিজের ‘হাতখরচ’ চালাতেন মেয়েটি। গত মঙ্গলবার রাতে এক পাইকারি বিক্রেতার কাছ থেকে ফেনসিডিল সংগ্রহ করতে গিয়ে ধরা পড়েন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে। তাঁর সঙ্গে গ্রেপ্তার হয়েছেন ফেনসিডিল ব্যবসায়ী হুমায়ুন কবীর। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০০ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেট কার।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা গোয়েন্দা অঞ্চলের উপপরিদর্শক সুমন উর রহমান বলেন, সোর্সের মাধ্যমে খবর পেয়ে গাড়িটি আটক করা হয়। এ সময় গাড়ির চালকের পাশের সিটে বসে ছিলেন মেয়েটি। গাড়ি থামানোর পরেই মেয়েটি বলে ওঠেন, ‘আমি ছাত্রী, আমি কিছু জানি না।’ এরপর সন্দেহ বেড়ে গেলে গাড়িটি তল্লাশি করে পেছনে ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

আটক হওয়ার পর ফেনসিডিল বিক্রেতা হুমায়ুন কবীর বলেন, মঙ্গলবার রাতে খিলগাঁও এলাকায় জনৈক নান্টু তাঁকে গাড়িসহ ফেনসিডিলগুলো মোহাম্মদপুরে পৌঁছে দিতে বলেন। গাড়ির চালকের আসনে বসার পরপরই ওই তরুণী তাঁকে ফোন করেন। রাজারবাগে আসার পর তরুণী গাড়িতে ওঠেন। রাত সাড়ে নয়টার দিকে গাড়িটি নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে এলে তাঁদের আটক করেন কর্মকর্তারা।

আটক তরুণী জানান, তিনি সিদ্ধেশ্বরীর একটি কলেজ থেকে গত বছর এইচএসসি পরীক্ষা দিয়ে ফেল করেন। এ বছর আবার দিচ্ছেন। তাঁর এক বান্ধবী ও তাঁর (বান্ধবীর) বন্ধুরা ফেনসিডিলে আসক্ত। তাঁদের জন্য তিনি পাইকারি দরে ফেনসিডিল নিয়ে খুচরা বিক্রি করেন। প্রতি বোতলে তাঁর আয় ১০০ টাকা।

তরুণী জানান, বেইলি রোডের ফুটপাতের ধারে বন্ধুদের আড্ডায় তিনি ফেনসিডিল হস্তান্তর করেন। এখানে তাঁর কিছু বান্ধবী ও তাঁদের ছেলেবন্ধুরা নিয়মিত আসা-যাওয়া করেন, তাঁরাই গ্রাহক।

ওই তরুণী জানান, গ্রেপ্তার হওয়া হুমায়ুন তাঁর বড় ভাইয়ের পূর্বপরিচিত। বড় ভাই মারা যাওয়ার পর হুমায়ুনের কাছ থেকে ফেনসিডিল নিয়ে বিক্রি করতে শুরু করেন।

আটক হওয়ার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে আসেন মেয়েটির বাবা। মেয়েকে এই অবস্থায় দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। মেয়েটির বাবা জানান, তাঁর ছয় ছেলেমেয়ের মধ্যে এই মেয়েটি সবার ছোট। কিছুদিন আগে এক যুবককে বিয়ে করেছিলেন, পরে বিবাহবিচ্ছেদ হয়। মেয়েটি শান্তিবাগ এলাকায় তাঁর পরিবারের সঙ্গে থাকেন বলে জানা গেছে।