'হাতি বাংলাদেশেরই বলে আসাম বন বিভাগের মত'
ভারতের আসামে অবস্থানরত মৌলভীবাজারের মোখলেছুর রহমান দাবি করেছেন, তিনিই সীমান্ত পেরোনো হাতি দুটির মালিক বলে সেখানকার বন বিভাগের কর্মকর্তারা মত দিয়েছেন।
মালিকানা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত হাতি দুটি আসামের হাইলাকান্দি জেলা আদালতের নির্দেশে সেখানকার বন বিভাগের হেফাজতেই আছে। আদালত ২৩ জুনের মধ্যে মালিকানার দাবিদারদের নিজের পক্ষে তথ্য উপস্থাপনের নির্দেশ দিয়েছেন।
বাচ্চাসহ একটি হাতিকে গত মঙ্গলবার আসামের হাইলাকান্দি জেলা হাকিমের আদালতে তোলা হয়। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মহিষমারা গ্রামের বাসিন্দা মোখলেছুর রহমানের দাবি, হাতি দুটি তাঁর। প্রায় ছয় মাস আগে এরা নিখোঁজ হয়। হাইলাকান্দির মঞ্জুরুল ইসলাম বড়ভূঁইয়া নামের এক ব্যক্তিও এদের মালিকানা দাবি করেছেন।
আসামে থাকা মোখলেছুর রহমানের বড় ভাই আবদুল মজিদ ভাইয়ের সঙ্গে এ নিয়ে যোগাযোগ রাখছেন। তিনি গতকাল বলেন, মালিকানা-সংক্রান্ত কাগজপত্র যাচাই করে হাইলাকান্দি বন বিভাগের কর্মকর্তারা হাতির প্রকৃত মালিক হিসেবে মোখলেসুরকে নির্ধারণ করেছেন। ২৩ জুন তাঁরা সংশ্লিষ্ট আদালতে এসব তথ্য উপস্থাপন করবেন।