‘হাতুড়ে’ চিকিৎসকের হাতে প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের আল আমিন ডায়াগনস্টিক সেন্টারে অ্যাপেন্ডিসাইটিস রোগের চিকিৎসা নিতে ভর্তি হয়েছিল পাপিয়া আক্তার (১৩)। ২১ জুলাই চিত্ত বসাক ও জি কে গোলদার নামের দুই চিকিৎসক তার শরীরে অস্ত্রোপচার করেন।অস্ত্রোপচারের পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরদিন মেয়েটিকে মঠবাড়িয়া থেকে ফেয়ার হেলথ নামের বরিশালের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চার দিন পর গত বৃহস্পতিবার বিকেলে সে মারা যায়। এ ঘটনায় ওই দিন জি কে গোলদারকে পুলিশ আটক করেছে। পাপিয়া প্রয়াত আফজাল হোসেনের মেয়ে এবং উত্তর হলতা নেছারিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল।মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, চিত্ত বসাক ও জি কে গোলদারের কোনো চিকিৎসা সনদ নেই। চিত্ত বসাকের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে আল আমিন ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. আবু দাবি করেন, ওই দুই চিকিৎসকের সনদ রয়েছে।বরিশালের ফেয়ার হেলথ ক্লিনিকের চিকিৎসক জহিরুল হক মুঠোফোনে প্রথম আলোকে জানান, প্রথম অস্ত্রোপচারের সময় পাপিয়ার নাড়িতে চারটি ছিদ্র হয়। দ্বিতীয়বার অস্ত্রোপচার করে মেয়েটিকে বাঁচাতে সাধ্যমতো চেষ্টা করা হয়। কিন্তু নাড়ি ছিঁড়ে ময়লা পেটের মধ্যে ছড়িয়ে পড়ায় ‘সেপটিক শকে’ সে মারা যায়। পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে উপজেলার গুলিসাখালী ইউনিয়নের উত্তর হলতা গ্রামের পারিবারিক কবরস্থানে পাপিয়ার মরদেহ রাত আটটায় দাফন করা হয়। পাপিয়ার মা জাহানারা বেগম জানান, বরিশালের ফেয়ার হেলথ ক্লিনিকে ২৪ জুলাই দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পর চিকিৎসাধীন অবস্থায় পাপিয়া বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় মারা যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে। উত্তর হলতা নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাহাবুবুল আলম বলেন, পাপিয়া মেধাবী ছাত্রী ছিল। এক বছর আগে ওর বাবা ক্যানসারে মারা যান। তাঁর চিকিৎসা করাতে গিয়ে দরিদ্র পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। এরপর পাপিয়ার চিকিৎসা করাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ে পরিবারটি। বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) এ আর মুকুল জানান, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে বৃহস্পতিবার বরিশাল শহর থেকে জি কে গোলদারকে ৫৪ ধারায় আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পিরোজপুরের সিভিল সার্জন আবদুল গনি বলেন, মেয়েটির মৃত্যুর ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। রোগীর চিকিৎসায় কোনো রকমের গাফিলতি হলে ওই ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।