'হাফপ্যান্ট বাহিনী' ঠেকাতে রাত জেগে পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হাফপ্যান্ট বাহিনী’র হাত থেকে গ্রামবাসীকে রক্ষা করতে প্রায় এক মাস ধরে রাত জেগে পাহারা দিচ্ছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের পিংহাজারকি গ্রামের ২৭ পাড়ার মানুষ।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফায়েজুর রহমান বলেন, ‘এলাকাটি দুর্গম। সেখানে ডাকাতির মতো কয়েকটি ঘটনা ঘটেছে। এ ছাড়া মুখোশ ও হাফপ্যান্ট পরা বাহিনীর উৎপাতে লোকজনের মধ্যে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সম্প্রতি সেখানে গ্রামবাসীদের নিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বৈঠক করা হয়েছে। অপরাধীদের উৎপাত ঠেকাতে রাতে লাঠি-বাঁশি হাতে পাহারার পরামর্শ দেওয়া হয়েছে। কয়েক বছর আগে সেখানে একটি পুলিশ ফাঁড়ি ছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তা প্রত্যাহার করায় এখন রাতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
এলাকার ১০-১২ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, বগুড়া, নাটোর ও সিরাজগঞ্জ জেলার সীমান্তবর্তী হওয়ায় পিংহাজারকি গ্রামে হাফপ্যান্ট পরা সর্বহারাদের উপদ্রব অনেক আগে থেকেই। সর্বহারা দমনে সেখানে কয়েক বছর আগে পুলিশ ক্যাম্পও স্থাপন করা হয়। তবে বছর তিনেক আগে সেই ক্যাম্প প্রত্যাহার করে নেওয়া হয়। ওই ক্যাম্প প্রত্যাহার করার পর থেকেই হাফপ্যান্ট ও মুখোশ পরা সশস্ত্র ডাকাত প্রায়ই হানা দিচ্ছে হিন্দু-অধ্যুষিত গ্রামটিতে। এ ছাড়া চুরি, চাঁদাবাজিসহ নানা অপরাধী কর্মকাণ্ড লেগেই আছে। প্রতিবছর ঈদ এলেই হাফপ্যান্ট বাহিনীর উপদ্রব বেড়ে যায়। এখন রাত নামলেই ফুঁ পড়ে বাঁশিতে। বাঁশির শব্দ বেজে ওঠার সঙ্গে সঙ্গে গ্রামের প্রতিটি বাড়ি থেকে বের হয়ে আসেন একজন করে পুরুষ সদস্য। সবার হাতে থাকে লাঠি ও টর্চলাইট। গলায় ফিতা দিয়ে বাঁধা বাঁশি। এরপর বিভিন্ন দলে ভাগ হয়ে শুরু হয় পাহারা।
গ্রামের বাবলু প্রামাণিক বলেন, পিংহাজারকি দাসপাড়া থেকে শুরু করে মুন্সিপাড়া, বেগুনীপাড়া, হুসারপাড়া, খন্দকারপাড়া, হাজারিকা, সালুকাপাড়া, মারিয়া, তুলাসন, বড়পুকুরিয়া ও রতনদীঘিসহ বিভিন্ন পাড়ার লোকজন রাত জেগে সতর্ক পাহারা দিচ্ছেন।
পিংহাজারকি দাসপাড়ার ব্যবসায়ী দুলাল চন্দ্র বলেন, কয়েক দিন আগে গ্রামে মুখোশ পরা ডাকাত দল হানা দেয়। গ্রামবাসীদের প্রতিরোধের মুখে ডাকাতেরা পালিয়ে যেতে বাধ্য হয়। এখন রাত নামলেই পুরুষেরা লাঠি-বাঁশি হাতে গ্রাম পাহারা দেন। আর গৃহবধূরা উদ্বেগ-উৎকণ্ঠায় রাত কাটান।
বুড়ইল ইউপি চেয়ারম্যান আবদুল মালেক বলেন, পুলিশ ফাঁড়িটি প্রত্যাহার করায় সেখানকার মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।