নীলফামারীর ডোমার পৌরসভার নির্বাচন আগামী ৭ আগস্ট। ওই নির্বাচন ঘিরে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পৌর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লা।
৮ নম্বর ওয়ার্ডের চিকনমাটি গ্রামের ভোটার ময়নুল ইসলাম (৫৫) বলেন, ‘প্রার্থীরা বাড়ি বাড়ি আসি দোয়া চায়ছে। দুইটা বাইজলে মাইক বেড়ায়ছে, রাইত আটটা পর্যন্ত মাইকত করি ভোট চায়ছে। হামরা এলাকার উন্নয়ন চাই, এই জন্য যোগ্য লোক দেখি ভোট দিমো।’
৭ নম্বর ওয়ার্ডের ভোটার মজিবর রহমান (৫০) বলেন, ‘আমাদের পৌরসভার রাস্তাঘাট, পুল-কালভার্ড কিছুই নাই। গত পাঁচ বছরে একটি সড়কেরও সংস্কার হয়নি। যাকে ভোট দিলে আমাদের সমস্যা দূর হবে, এলাকার উন্নয়ন হবে, এমন প্রার্থীকে আমরা ভোট দিব।’
পৌরসভার সবুজপাড়া গ্রামের ভোটার মজনু হোসেন (৫০) বলেন, ‘প্রার্থীরা সবাই আসছে, ভোট চাচ্ছে। সবাইকে আশ্বাস দিচ্ছি, শেষে দেখব যার পাল্লা ভারী তাকে ভোট দিব।’ গৃহিণী লিপি আক্তার (৩৫) বলেন, ‘হামাক কাহো ১০ টাকা দেয় না, হামার কাম হামাক করি খাবার নাগে, যায় মানুষের সঙ্গে মিশে, কথা কয়, এমন যোগ্য প্রার্থী দেখি হামরা ভোট দিমো।’
ডোমার পৌরসভার মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি ময়নুল হক, উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান মেয়র মনছুরুল ইসলাম (স্বতন্ত্র), আবু সুফিয়ান (স্বতন্ত্র) ও উপজেলা জামায়াতের সাবেক আমির কাজী আবু জাফর মো. জুল কাদের (স্বতন্ত্র)।
এ বিষয়ে কথা বললে স্বতন্ত্র প্রার্থী আবু সুফিয়ান বলেন, ‘আমি নীলফামারী জেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। আমি বিদ্রোহী প্রার্থী নই। আগের মেয়াদে নির্বাচনে আমি টাকার কাছে পরাজিত হয়েছিলাম। এবার যাতে কেউ টাকা ছড়াতে না পারেন, এ জন্য প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানাচ্ছি।’ সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।
আওয়ামী লীগের প্রার্থী ময়নুল হক বলেন, ‘প্রচার-প্রচারণায় কোনো সমস্যা হচ্ছে না। আমরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছি, তাদের কথা শুনছি।’ প্রার্থীদের বিরুদ্ধে তাঁর কোনো অভিযোগ না থাকলেও বর্তমান মেয়র মনছুরুল ইসলাম ভোটারদের মাঝে টাকা বিতরণ করতে পারেন বলে তিনি আশঙ্কা করছেন।
শহরের বিভিন্ন স্থানে প্রতীক হিসেবে বড় আকারে নৌকা তৈরি করে প্রদর্শন করায় সেটি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন কি না জানতে চাইলে ময়নুল বলেন, ‘আমার সমর্থকেরা অতি উৎসাহী হয়ে কিছু জায়গায় এটা করেছে, আমি তাদের নিষেধ করে দিয়েছি।’
স্বতন্ত্র প্রার্থী মনছুরুল ইসলামের সঙ্গে কথা বলতে তাঁর বাসভবনে গেলে জানানো হয়, তিনি এখন বিশ্রামে আছেন। পরে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
ডোমার পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন বলেন, সেখানে নির্বাচনী প্রচার-প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ নেই। এই পৌরসভায় মেয়র পদে ৪ জন ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ২২ জন ও নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার মোট ভোটার ১১ হাজার ৯১৭ জন।