'হামরাই বানাইছি অ্যালগাড়ি হামরাই তাক চড়ির পাওনা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বুধবার দুপুর ১২টা। নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লাল-সবুজ ট্রেন। ঝকঝকে নতুন ট্রেন দেখে উৎসুক আশপাশের লোকজন। তাঁদের একজন আবুল কালাম। কৌতূহলী হয়ে স্টেশনমাস্টারকে প্রশ্ন করলেন, কোথায় যাবে ট্রেনটি? উত্তর শুনে হতাশ কালাম আক্ষেপের সুরে বলে উঠলেন, ‘হামরাই বানাইছি অ্যালগাড়ি (রেলগাড়ি), আর হামরাই তাক চড়ির পাওনা (পারি না)’।
আবুল কালামের মতো অনেকেই ক্ষুব্ধ। কারণ, লাল-সবুজ ট্রেনের ওই বহরের ট্রায়াল (পরীক্ষা-নিরীক্ষা) হয়েছে সৈয়দপুর রেলওয়ে কারখানাতেই। এরপর গতকাল সেগুলো পাঠিয়ে দেওয়া হয় রাজশাহীতে। চলবে রাজশাহী-ঢাকা রেলপথে। সৈয়দপুরসহ এ অঞ্চলের মানুষকে শুধু তা চেয়ে চেয়ে দেখতে হবে। তাঁদের চড়তে হবে রাজশাহী-ঢাকা রুটের পরিত্যক্ত কোচগুলোতে। অথচ দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা এই সৈয়দপুরেই। এখানে রেলগাড়ি মেরামত হয়, তৈরি হয় ট্রেন ওয়াগনের সব যন্ত্রাংশ।
পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান কার্যালয় সূত্র জানায়, রাজশাহী-ঢাকা পথে দুটি র্যা ক (বহর) দিয়ে চলত তিনটি এক্সপ্রেস ট্রেন ধূমকেতু, সিল্কসিটি ও পদ্মা। আন্তনগর এসব ট্রেনের পুরোনো কোচ পরিবর্তন করে দেওয়া হচ্ছে ভারত থেকে আনা ৪০টি অত্যাধুনিক প্রযুক্তির লাল-সবুজ ক্যারেজ। আগের পরিত্যক্ত কোচগুলো জুড়ে দেওয়া হবে চিলাহাটি-ঢাকা ক্যান্টনমেন্ট গন্তব্যের নীলসাগর এক্সপ্রেস ও ঢাকা-খুলনা গন্তব্যের চিত্রা এক্সপ্রেসে।
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি থেকে সৈয়দপুর হয়ে ঢাকা গন্তব্যে লাল-সবুজ ট্রেন চলবে, এমন আশা নিয়ে দিন গুনছিলেন এ অঞ্চলের যাত্রীরা। কিন্তু সে গুড়ে বালি দিয়েছেন রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ২৬ জুন থেকে রাজশাহী-ঢাকা গন্তব্যে চলবে ট্রেনগুলো। সে ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে রংপুর বিভাগের আটটি জেলার ট্রেনযাত্রীরা।
রংপুরের সাবেক সাংসদ আনিসুল ইসলাম মণ্ডল বলেন, এটা এ অঞ্চলের মানুষের প্রতি চরম অবজ্ঞার শামিল। তিনি ঢাকা-চিলাহাটি গন্তব্যে অন্তত একটি লাল-সবুজ ট্রেন চালুর দাবি করেন।
সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকার বলেন, রেলের গুরুত্বপূর্ণ জনপদ হচ্ছে সৈয়দপুর। অথচ এ গন্তব্যে রেল গুরুত্ব পাবে না, তা হতে পারে না। নতুন ট্রেন এ অঞ্চলে দেওয়া না হলে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে উঠবে। কাজেই জনমানুষের দাবির প্রতি সরকার একমত হবে বলে তিনি আশা করছেন।
নীলফামারী-৪ আসনের সাংসদ (সৈয়দপুর-কিশোরগঞ্জ আংশিক) ও বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী বলেন, ‘আমরা যদি লাল-সবুজ ট্রেন না পাই, তাহলে এ অঞ্চলে আন্দোলন গড়ে তোলা হবে।’ তিনি চিলাহাটি-ঢাকা গন্তব্যে নতুন ট্রেন চালু করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ করেছেন বলে জানান।
জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মো. খায়রুল আলম প্রথম আলোকে বলেন, ওই লাল-সবুজ ক্যারেজগুলো রাজশাহী-ঢাকা গন্তব্যের তিনটি ট্রেনের জন্য নির্ধারিত হয়ে গেছে। তবে ভবিষ্যতে ঢাকা-চিলাহাটি গন্তব্যে নতুন ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হবে।