'হামরার হাজরি বাড়াইবেক'
চা-বাগানের শ্রমিক তাঁরা। বাগানের ছায়াঘেরা পরিবেশই তাঁদের গণ্ডি। সচরাচর এ গণ্ডি পেরোনো হয় না। তবে গতকাল রোববার ছিল ব্যতিক্রম। এদিন সিলেটের চা-বাগানগুলোতে কর্মরত চা-শ্রমিকেরা মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বাগানের বাইরে বের হয়ে বিক্ষোভ করেন।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের শাখা সংগঠন চা-শ্রমিক সংঘ সিলেট ভ্যালির উদ্যোগে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ বিক্ষোভ হয়। হাতে লাল নিশান, নানা রকম দাবি-কথার ফেস্টুন, মুখে স্লোগান ‘হামরার হাজরি বাড়াইবেক...’ (আমাদের মজুরি বাড়াতে হবে)। সমস্বরে এ দাবি জানিয়ে যাঁর যাঁর বাগানে ফেরেন নারী ও পুরুষ শ্রমিকেরা। তাঁদের দাবি, দৈনিক মজুরি ৩০০ টাকা, সরকার-ঘোষিত গেজেট অনুযায়ী উৎসব বোনাস, সাপ্তাহিক ছুটি, অতিরিক্ত কাজের মজুরি ও পূর্ণাঙ্গ রেশনব্যবস্থা চালু করা। এসব দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, চা-শ্রমিকসহ এ দেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ আজ নিদারুণ পরিস্থিতি অতিক্রম করছে। বর্তমান বাজারদরের সঙ্গে সংগতি রেখে ন্যূনতম মজুরি ৩০০ টাকা নির্ধারণ করার দাবি থাকলেও মজুরি দেওয়া হচ্ছে মাত্র ৬৯ টাকা। বাগানের মালিকপক্ষ বিভিন্নজনকে রেশন দেওয়ার কথা বললেও মাত্র তিন কেজি চাল ছাড়া আর কিছু শ্রমিকদের দেওয়া হয় না। তাই শ্রমিকেরা পূর্ণাঙ্গ রেশনের দাবি জানান। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন চা-শ্রমিক সিলেট ভ্যালি কমিটির নেত্রী রাধামনি মুন্ডা। এ সময় চা-শ্রমিকনেতা বিমল গঞ্জু, জয়মাহাত্ম কুর্মি, সুনিল মুধী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সভাপতি নুরুল হুদা উপস্থিত ছিলেন। স্মারকলিপি হস্তান্তর শেষে নগরের কোর্ট পয়েন্টে সমাবেশ হয়।
এতে অতিথি হিসেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) কেন্দ্রীয় সভাপতি এম এ করিম ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বক্তব্য দেন। চা-শ্রমিকদের দাবি-দাওয়ার প্রতি একাত্ম হয়ে তাঁরাও জানান, বাংলাদেশে শ্রমিকগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বঞ্চিত হচ্ছেন চা-শ্রমিক। চা-শ্রমিকদের দাবিগুলো মৌলিক অধিকারের পর্যায়ে পড়ে। দাবি আদায় ছাড়া তাঁদের জীবনধারণও সম্ভব নয়।
২০০৮ সালে সুরমা ভ্যালির অন্তর্ভুক্ত ২২ বাগানে চা-শ্রমিক ধর্মঘট হয়। সেই আন্দোলনে মজুরি বাড়িয়ে ৪৮ টাকা করা হয়। বর্তমানে শ্রমিকেরা মজুরি পাচ্ছেন ৬৯ টাকা। এত কম মজুরি আর কোনো খাতের শ্রমিকের নেই বলে জানান রাধামনি মুন্ডা। দাবি পূরণের পর ভবিষ্যৎ দাবির কথাও ব্যক্ত করেন তিনি।
রাধামনি জানালেন, তাঁদের ভবিষ্যৎ-দাবির মধ্যে রয়েছে চা-শ্রমিকের সন্তানদের উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষার সুযোগ, বাগানে চা-পাতির ওজনে কারচুপি বন্ধ এবং সব বাগানে এমবিবিএস পুরুষ ও নারী চিকিৎসক বাগান কর্তৃপক্ষের মাধ্যমে দেওয়া।