‘হামলা করে, গ্রেপ্তার করে এই সরকারের শেষ রক্ষা হবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল কর্মসূচি চলাকালে গতকাল বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে আয়োজিত সমাবেশে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের জনগণ আজ সিদ্ধান্ত নিয়েছে, দুর্নীতিবাজ মহাজোট সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরে যাবে না। মিছিলে হামলা করে, নেতা-কর্মীদের গ্রেপ্তার করে এই সরকারের শেষ রক্ষা হবে না।আমীর খসরু আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর মন্ত্রী-সাংসদেরা দেশের মঙ্গল বাদ দিয়ে নিজেদের মঙ্গল নিয়ে ব্যস্ত। হাজার হাজার কোটি টাকা লোপাট করে দেশকে সর্বস্বান্ত করে দিয়েছে এই সরকার। দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। দেশের এখন ক্রান্তিকাল চলছে। তাই আওয়ামী লীগ সরকারের যত তাড়াতাড়ি পতন হবে, ততই দেশের জন্য মঙ্গল।গতকাল বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল চলাকালে ১৮দলীয় জোট আয়োজিত সমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী এই অভিযোগ করেন। তাঁর নেতৃত্বে নগরের কাজীর দেউরি ও নূর আহম্মদ সড়কে মিছিলও হয়। এ সময় তাঁরা সরকারবিরোধী স্লোগান দেন।সমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম নগর বিএনপির নেতা আবু সুফিয়ানকে মুক্তি এবং নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, যুবদলের নেতা আবুল হাশেমসহ ৬৪ জন নেতা-কর্মীর নামে মামলা প্রত্যাহারের দাবি জানান। নইলে চট্টগ্রামে পরবর্তী পরিস্থিতির জন্য প্রশাসন দায়ী থাকবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। গতকালের সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন দেশের জনগণ মেনে নেবে না।গতকাল চট্টগ্রাম নগর বিএনপির সহসভাপতি সামশুল আলমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশুবিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ বেগম রোজি কবির, বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান, জামায়াতে ইসলামীর নেতা আ জ ম ওবায়দুল্লাহ প্রমুখ।