শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও বন্দরে মেয়রের কর্মী-সমর্থকদের সঙ্গে বন্দরের শ্রমিকদের ওপর ‘হামলা’ চালানোর ঘটনার প্রতিবাদে সভা হয়েছে। গতকাল শুক্রবার সকালে চারটি শ্রমিক সংগঠন ও এলাকাবাসীর পক্ষ থেকে এ সভা হয়।
নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে বন্দরের লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে এ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, ‘নাকুগাঁও স্থলবন্দর সবার। আমরা শান্তিপূর্ণভাবে এখানে কাজ করে বাঁচতে চাই। কারও হুমকি-ধমকিতে আমরা ভয় পাই না। কেউ যদি আমাদের ওপর আঘাত হানে, আমরাও ঐক্যবদ্ধ হয়ে পাল্টা জবাব দেব।’
গত বৃহস্পতিবার নালিতাবাড়ী পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক স্থলবন্দর দিয়ে ভারতের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করতে যান। এ সময় তিনি বন্দর কর্তৃপক্ষকে ভারত থেকে আসা ট্রাক বন্ধ রাখার নির্দেশ দেন। এতে বন্দরের শ্রমিকেরা ক্ষুব্ধ হন। বেলা দেড়টার দিকে মেয়রের সমর্থকেরা বন্দরে এক শ্রমিককে মারধর করেন। এতে অন্য শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে অন্তত সাতজন আহত হন। এ নিয়ে গতকাল প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়।