‘হামাক কাহে কম্বল দেয়নি, জারত দর দর করিয়া কাঁপিছিনু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগত হামাক কাহে কম্বল দেয়নি, জারত দর দর করিয়া কাঁপিছিনু। এলা কম্বল খান উরিমো (গায়ে দিবো), জার বাপ বাপ করিয়া পালায়ে যাবে।’ গতকাল বুধবার কম্বল পেয়ে এভাবেই অনুভূতি জানালেন ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নের গুচ্ছগ্রামের আজীবন বেওয়া (৯০)। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও বন্ধুসভার সদস্যদের সহায়তায় ঠাকুরগাঁওয়ের সদর ও পীরগঞ্জ উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়। এ ছাড়া ট্রাস্টের উদ্যোগে জয়পুরহাট, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও মেহেরপুরে কম্বল বিতরণ করা হয়েছে।আমাদের রাজশাহী অফিস, নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ এবং জয়পুরহাট, নাটোর, পীরগঞ্জ ও মেহেরপুর প্রতিনিধির পাঠানো খবর:ঠাকুরগাঁও: গতকাল সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গড়েয়া ডিগ্রি কলেজ চত্বরে ১২০ জন দুস্থকে কম্বল দেওয়া হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন গড়েয়া কলেজের অধ্যক্ষ সাইফুল রহমান, গড়েয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক বেলাল হোসেন, আবু ময়েন শাহ, ইউনুস আলী, শওকত আকতার ও মজিবর মাস্টার এবং ঠাকুরগাঁও বন্ধুসভার এন এইচ মো. শাহ, মনিরুজ্জামান প্রমুখ। কম্বল পেয়ে কামারগাড়ার বৃদ্ধা ডোলমনি (৭৫) বলেন, ‘তোমাক কি কয়া দোয়া দিমো কহিবা পারছুনি। আল্লাহ তোমাক ভাল করিবে।’ এদিকে গতকাল বেলা ১১টায় পীরগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারে পীরগঞ্জ উপজেলা ও পৌরসভা এলাকার বিভিন্ন গ্রামের ১০০ জন দুস্থকে কম্বল দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক ফিরোজ হোসেন খান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল ওহাব, পীরগঞ্জ বন্ধুসভার বদরুল হুদা, প্রথম আলোর পীরগঞ্জ প্রতিনিধি কাজী নুরুল ইসলামসহ বন্ধুসভার সদস্যরা।জয়পুরহাট: গতকাল শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন গ্রামের ১০০ জন দুস্থকে কম্বল দেওয়া হয়েছে। জয়পুরহাট বন্ধুসভার বন্ধুরা দুই দিন আগে তাঁদের কাছে কম্বল নেওয়ার স্লিপ পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট পাঠাগার এবং ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী, জয়পুরহাট বন্ধুসভার দিলীপ সেন, উত্পল কুমার প্রমুখ। রাজশাহী: গতকাল রাজশাহী মহানগরের সাগরপাড়া এলাকার ১৫০ জন দুস্থ ও শীতার্ত লোকের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সক মুনিরা ফেরদৌসী, রাজশাহী বন্ধুসভার মনিরা রহমান, শুভাশীষ শুভ, তাহসীন, সুমন প্রমুখ। কম্বল পেয়ে দুস্থ আসমা খাতুন বলেন, ‘এদ্দিন খালি নাম লেখি লিয়্যা গেল। তোমরা (কম্বল) দিয়্যা গেলে বাপ।’নাটোর: গত ২০ জানুয়ারি নাটোর সদর উপজেলার চকরামপুর মহল্লায় ১০০ দুস্থ ও প্রতিবন্ধীকে কম্বল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থা নন্দনের সভাপতি নূর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক নাদিরা পারভিন, নাটোর বন্ধুসভার দাউদ হোসেন, আতাউল গনি, আবদুল হাকিম, নবদীপ কুমার এবং প্রথম আলোর নাটোর সংবাদদাতা আঞ্জুয়ারা খাতুন ও নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন।সিরাজগঞ্জ: গতকাল সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বিভিন্ন গ্রামের ৪০ জন দুস্থকে কম্বল দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী হাফিজুর রহমান, সিরাজগঞ্জ বন্ধুসভার হেলাল আহমেদ, রামচন্দ্র সাহা, সিরাজগঞ্জ সরকারি কলেজ কমিটির সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক রায়হান আলী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এনামুল হক প্রমুখ।কম্বল পেয়ে নান্দিনা কামালিয়া গ্রামের জরিনা বেওয়া বলেন, ‘হ্যাস পর্যন্ত একহান কম্বল মিলল, কত লোহের কাছেই না চাইছিলাম, কেউ দেয়নাই, প্রথম আলোর লোকজন কম্বল দিলো এইডা আমি কোনদিন ভাবতি পারি নাই।’মেহেরপুর: গতকাল মেহেরপুরের মুজিবনগর দারিয়াপুর ডিগ্রি কলেজ ও এআরবি (আমঝুপি রাজনগর বারাদী) কলেজের গরীব মেধাবী ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় মুজিবনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল জলিল, এআরবি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলাম ও কলেজের শিক্ষকেরা এবং প্রথম আলো প্রতিনিধি তুহিন আরণ্য, বন্ধুসভার সাইদুর রহমান, হোসেন খান, আবুল বাশার প্রমুখ।ঝিনাইদহ: কৃষ্ণনগরপাড়ার বৃদ্ধ দুলাল দাস এসেছিলেন শীতের কাপড় নিতে। কাপড় পেয়ে তিনি বললেন ‘এবার কষ্ট দূর হবে। ঠান্ডায় বাড়িতে বসে কাঁপা ছাড়া বাইরে যেতে পারি না।’বিকেলে শীতার্ত ২০০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার ঝিনাইদহের সভাপতি শানীনুর আলমসহ বন্ধুসভার অন্য সদস্যরা। ঝিনাইদহ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সামনে এই শীতবস্ত্র প্রদান করা হয়।