'হামার এলা কী হবে?'
‘দেড় মাসে ছয়বার অসেহেনেও ডাক্তারের দেখা পাউনি। গ্রামোত গরিবের হাসপাতাল হইচে কিন্তু ডাক্তার থাকে না, তাহিলে হামার এলা কী হবে?’ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে গত বৃহস্পতিবার দুপুরে এসে চিকিৎসক না পেয়ে এ কথা বলেন নগেন শর্মা (৭০) নামের এক বৃদ্ধ। তিনি উপজেলার বড়বাড়ি গ্রামের বাসিন্দা।
ওই দিন (বৃহস্পতিবার) কর্ণাই গ্রামের জরিনা বেওয়া (৬০) ব্যথা নিয়ে এ কেন্দ্রে আসেন। একমাত্র চিকিৎসক ও পরিবারকল্যাণ পরিদর্শক (এফডব্লিউভি) আলেফা বেগম তাঁকে কয়েকটি বড়ি ধরিয়ে দিলেন। এ সময় লাইনে থাকা হাসান আলী, রোকেয়া বেগম ও তুলসী রানীর অসুখের কথা শুনে তাঁদেরও কয়েকটি করে বড়ি দিলেন আলেফা বেগম।
এ ব্যাপারে জানতে চাইলে আলেফা বেগম বলেন, ‘প্রতিদিন শতাধিক রোগী এখানে আসে। আমি একা মানুষ কোনটা
সামলাই। রোগীর ভিড়ে আমার নাভিশ্বাস। অন্তত একজন ডাক্তারের পোস্টিং হলেও আমি বাঁচি, রোগীও বাঁচে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরের এ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটি ‘পল্লী দাতব্য চিকিৎসালয়’ (আরডি) হিসেবে চালু রয়েছে। এখানে ১০ শয্যার মাতৃসেবা ইউনিট আছে। আশপাশের ২০ থেকে ৩০টি গ্রামের মানুষ সেখানে চিকিৎসা নিতে আসে। স্বাস্থ্য বিভাগ ওই কেন্দ্রে একজন চিকিৎসা কর্মকর্তা, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো), ফার্মাসিস্ট, মিডওয়াইফ (নার্স) ও পিয়ন এবং পরিবার ও পরিকল্পনা বিভাগ সেখানে স্যাকমো, এফডব্লিউভি, পিয়ন ও আয়া পদায়ন করেছে। একেন্দ্রে পদায়ন করা চিকিৎসা কর্মকর্তা (এমও) ফারহানাকে ২০১৪ সালের আগস্ট থেকে, স্যাকমো সারা হেমব্রমকে ২০১৪ সালের জানুয়ারি, নার্স সাজেদা আকতারকে গত বছরের সেপ্টেম্বর ও ফার্মাসিস্ট বকুল হোসেনকে ২০১৪ সালের জুলাই থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেষণে রাখা হয়েছে। এ ছাড়া পরিবারকল্যাণ কেন্দ্রের স্যাকমো সফিকুল ইসলামকেও গত অক্টোবরে সদর উপজেলার আখানগর পরিবারকল্যাণ কেন্দ্রে প্রেষণে বদলি করা হয়েছে।
জাবরহাট হাইস্কুলের সদস্য ইলিয়াস হোসেন বলেন, ‘শুনেছি এখানকার এমবিবিএস ডাক্তার, স্যাকমো, নার্স ও ফার্মাসিস্ট অনেক দিন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। অথচ ২০-২৫টি গ্রামের মানুষের এ কেন্দ্রে একজনও ডাক্তার নেই। কর্তৃপক্ষ এটা দেখেও না?’
জাবরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাহের আলী বলেন, ‘জাবরহাট, বৈরচুনা, সেনগাঁও ও দৌলতপুর ইউনিয়নের ২০-২৫টি গ্রামের মানুষ এখানে চিকিৎসা নিতে আসে। ১২ কিলোমিটার দূরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া অনেকের পক্ষে সম্ভব নয়। আমরা এখানকার ডাক্তারকে ফেরত চাই।’
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুস্তম আলী গত বুধবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আগের কর্মকর্তা তাঁদের প্রেষণে এখানে নিয়ে এসেছেন। আমি কর্তৃপক্ষের পরামর্শ নিয়ে তাঁদের কর্মস্থলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেব।’