'হামার কলজ্যার টুকরাটারে অ্যানা দাও'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হামি আর তোমাকেরে কাচে কিচু চাই ন্যা। তুমরা হামার কলজ্যার টুকরাটারে অ্যানা দাও’—বুকফাটা আর্তনাদ করে বলছিলেন মোরশেদা বেগম। ছেলে পুলিশের কনস্টেবল মুকুল হোসেন দুর্বৃত্তের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হয়েছেন শুনে বারবার সংজ্ঞা হারাচ্ছিলেন তিনি। তাঁর আহাজারিতে প্রতিবেশীরাও চোখের পানি ধরে রাখতে পারছিলেন না।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল পূর্বপাড়া গ্রামে গতকাল দুপুরে গিয়ে দেখা যায় এ হৃদয়বিদারক দৃশ্য। মুকুলের দরিদ্র বাবা শহিদুল ইসলাম শোকে যেন পাথর হয়ে বসে ছিলেন। বাড়ির সামনে ভেঙে পড়েছে গোটা গ্রাম। লোকজন এসেছে আশপাশের এলাকা থেকেও। বাড়িজুড়ে শুধু হাহাকার আর বুকফাটা আর্তনাদ।
কান্নাভেজা কণ্ঠে শহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতেও ছেলে মুকুলের সঙ্গে তাঁর মুঠোফোনে কথা হয়। মুকুল তাঁকে বলেছিলেন, ‘বাবা, নতুন জায়গায় এসে খুব ভয় লাগছে। কখন যে কী হয়ে যায়। তুমি আমার জন্য দোয়া কোরো। কাল সকালে তোমাকে আবার ফোন করব।’
পরদিন (গতকাল বুধবার) সকালেই টেলিভিশনে ছেলের মৃত্যুসংবাদ জানতে পারেন শহিদুল ইসলাম।
ছোট্ট একটি পাকা ঘর মুকুলদের। বাড়ির সবখানে দারিদ্র্যের ছাপ। বাবা শহিদুল ইসলাম সাড়ে তিন বিঘা জমিতে চাষাবাদ করেন। মা মোরশেদা বেগম গৃহিণী। এই দম্পতির দুই ছেলে, দুই মেয়ে। মুকুল সবার বড়। ছোট ছেলে জিসান হোসেন কলেজে আর মেয়ে শম্পা খাতুন নবম শ্রেণি ও মিষ্টি আকতার পঞ্চম শ্রেণিতে পড়ে।
পরিবারের সদস্যরা জানান, অভাবের সংসার ছিল তাঁদের। চার বছর আগে পুলিশের চাকরিতে যোগ দেন মুকুল। গত পূজার ছুটিতে শেষবার আসেন বাড়িতে। ২১ অক্টোবর বাড়ি থেকে কর্মস্থলে ফিরে যান। বাবার হাড়ভাঙা পরিশ্রম আর মুকুলের পাঠানো কিছু টাকায় ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছিল পরিবারটি।
মুকুলের ভাই জিসান হোসেন বলেন, ‘আমাদের ভাইবোনের লেখাপড়া করানোর প্রধান অনুপ্রেরণা ছিলেন বড় ভাই। তিনি বারবার বলতেন, “যত কষ্টই হোক, লেখাপড়া শেষ করতে হবে।” এ জন্য যা করার প্রয়োজন, ভাই তা করে যাচ্ছিলেন।’
মুকুলের মামা শাহ আলম বলেন, ‘সংসারটা টেনে তুলতে সব সময় চেষ্টা করে গেছে ছেলেটা। ছুটি পেলেই গ্রামে এসে খেতে নেমে কাজ করত।’
স্থানীয় দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম বলেন, ‘মুকুলের মৃত্যু শুধু তাঁর পরিবারের শোক নয়, এ শোক গোটা ইউনিয়নের। ওর মতো ছেলের জন্য আমরা গর্বিত।’
গতকাল বুধবার সকালে ঢাকার আশুলিয়া থানার অধীন শিল্প পুলিশের একটি দলে দায়িত্ব পালনের সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন মুকুল হোসেন। নন্দন পার্কের সামনের চেকপোস্টে এ ঘটনা ঘটে।