ইঞ্জিনচালিত নৌকা পারকুমারপুর গ্রামে ভেড়ানো মাত্র একেক করে মিনিট দুয়েকের মধ্যে জড়ো হয় শতাধিক দুর্গত মানুষ। তাঁদের ধারণা, কেউ হয়তো খাবার নিয়ে এসেছে। যখন দেখে খাবার নেই, তখন হতাশ হয়। রাবেয়া বেগম (৪৫) বলতে থাকেন, ‘এঁরা ফির কিবলি আলচে। হামার খাবার নাই। কাইল থাকি না খায়া আছি। চাউল নাই। হামাক কাঁয়ো দেখে না।’
ওই গ্রামটি রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের। সদর থেকে দূরত্ব ১০ কিলোমিটার। গত মঙ্গলবার দুপুরে যাই ওই গ্রামের বন্যাদুর্গত মানুষের অবস্থা জানতে। বন্যায় গ্রামটিতে বুক পরিমাণ পানি ছিল। তবে এখন নেই। দুদিন আগে পানি নেমেছে। কিন্তু গ্রামের চারদিকে পানি। তাই সড়কপথে গ্রামের যোগাযোগ এখনো বিচ্ছিন্ন।
গ্রামের অগোছালো ঘরবাড়ি দেখেই বোঝা যায়, বন্যায় কতটা অসহায় হয়ে পড়েছিল গ্রামবাসী। পানি নেমে গেছে কিন্তু সেই চিহ্ন এখনো বিদ্যমান। আরেফা বেগম (৩৫) ঘরে পানি ওঠার চিহ্ন দেখিয়ে বলেন, ‘পানি এটেকোনা থাকি এক বুক আছিল। নামি গেইছে। কিন্তু ঘরোত এ্যালাও কাদো জমিয়া আছে। হামার এবার কী যে কষ্ট, সেটা তোমাক বুজবার পাবার নাই। রাইতোত একমুট ভাত খাচি। এ্যালাও কিছু খাই নাই। গ্রামের সবারে কষ্ট।’
ওই গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, সেখানকার লোকসংখ্যা প্রায় তিন হাজার। তারা ১০ দিন ধরে পানিবন্দী। স্কুলশিক্ষার্থী আনারুল হক বলে, ‘১০ দিন ধরে স্কুলে যাবার পারি নাই। গ্রাম পানিতে ডুবি আছিল।’ সিদ্দিক আলী (৪০) বলেন, গ্রাম থেকে সড়কপথে সদরের যোগাযোগ বন্ধ ১০ দিন ধরে। কাজকর্ম করতে না পেরে গ্রামের গরিব মানুষের ঘরে ঘরে কষ্ট।
ওখান থেকে ইঞ্জিনচালিত নৌকায় পৌঁছাই নামাঘাশিপুর গ্রামে। তখন বিকেল সাড়ে চারটা। নৌকা দেখে দৌড়ে নারী-পুরুষ ও শিশুরা আসে। দেখা গেল, আনুমানিক ৫৫ বছর বয়সের এক বৃদ্ধা ভিড় ঠেলে এগিয়ে আসার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন। চুল পাকা। মুখটা শুকনা। জীর্ণ চেহারা। নৌকায় রাখা নিজেদের খাবার তাঁর হাতে তুলে দিই। হাতে নেওয়ামাত্রই রুটি চিবিয়ে খেতে থাকেন। জানা গেল, তাঁর নাম আনিচা বেগম। স্বামী মারা গেছেন অনেক আগেই। দুই ছেলে খোঁজ নেয় না মায়ের।
ওই গ্রামে অবস্থান করার মুহূর্তেই আরেক ইঞ্জিনচালিত নৌকায় খিচুড়ি নিয়ে আসেন লায়ন্স ক্লাব অব ঢাকা ইউনিক গ্রিনের সদস্যরা ও চতরা বিজ্ঞান ও কারিগরি কলেজের শিক্ষার্থীরা। হুমড়ি খেয়ে পড়েন দুর্গত লোকজন। ওই কলেজের অধ্যক্ষ লায়ন আবদুর রব প্রধান বলেন, তাঁরা নিজেরা চাঁদা দিয়ে ও আমেরিকাপ্রবাসী এক ব্যক্তির এবং ফেসবুক বন্ধুদের দেওয়া সহায়তায় দুই গ্রুপে বিভক্ত হয়ে ১০ দিন ধরে খিচুড়ি রান্না করে এলাকায় গিয়ে বিতরণ করছেন। এ ছাড়া কার্বলিক সাবান, শিশুখাদ্য, কয়েল, দেশলাই ও পশুখাদ্য নৌকায় করে দুর্গত লোকজনের হাতে পৌঁছানোর চেষ্টা করছেন। চিকিৎসক আবদুল্লাহিল কাফি মাসুমকে দেখা গেল দুর্গত লোকজনকে চিকিৎসাসেবা দিয়ে বিনা মূল্যে ওষুধ বিতরণ করতে।