‘হামার ছুয়া এভারেস্ট জয় করিছে!’
‘শুনেছু, হামার ছুয়া মুসা এভারেস্ট জয় করিছে, এইখান কম গর্বের কথা! আল্লাহ ওক বাঁচায় রাখুক।’ মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের খবরে আনন্দে এভাবেই আপ্লুত হয়ে পড়েন রিকশাচালক আলিমুদ্দিন। গতকাল সোমবার ঠাকুরগাঁওয়ের চিনিকল এলাকায় কথা হয় তাঁর সঙ্গে। সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামে পঞ্চাশোর্ধ্ব এই মানুষটির বাড়ি। মুসাকে ছোটবেলা থেকেই তিনি চেনেন বলে জানান। তাঁর কথা, মুসার এ সাফল্যে গর্বে বুকটা ভরে গেছে তাঁর।শুধু আলিমুদ্দিন নন, মুসার এভারেস্ট জয়ের আনন্দ এখন ঢেউ খেলছে ঠাকুরগাঁওজুড়ে। মুসার শৈশব-কৈশোরের অনেকটাই জুড়ে রয়েছে এই জেলা শহর। ঠাকুরগাঁও চিনিকলে বাবা আনসার আলীর চাকরির সুবাদে ১৯৮৫ সালে তাঁরা সেখানে চলে আসেন। সদর উপজেলার হরিহরপুরে বাস করতে থাকেন। ঠাকুরগাঁও সুগার মিল উচ্চবিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে ভর্তি হন মুসা। অল্প দিনের মধ্যে শিক্ষক-শিক্ষার্থীর প্রিয় হয়ে ওঠেন তিনি। প্রতিটি শ্রেণীতেই প্রথম হতে থাকেন।ঠাকুরগাঁও সুগার মিল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করে ঢাকা কলেজে ভর্তি হন আবু নাসের। তিনি বলেন, ‘ঢাকায় গেলে মুসা ভাইয়ের সঙ্গে মাঝেমধ্যে কথা হয়। আজ ভাবতে ভালো লাগছে, ইতিহাস গড়া একজন মানুষের সঙ্গে আমার পরিচয় আছে।’হরিহরপুরে মুসার প্রতিবেশী রুবি আকতার বলেন, ‘পত্রিকায় মুসার ছবি দেখে অবাক হয়েছি। সহজ-সরল ছেলেটি এভারেস্ট জয় করেছে ভেবে অবাকই হচ্ছি। আবার খুব ভালোও লাগছে—প্রথম বাংলাদেশি হিসেবে যে এভারেস্ট জয় করেছে, সে আমাদেরই মুসা।’মুসার স্কুল ও কলেজ-জীবনের সহপাঠী মুন্সিগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বলেন, ‘ক্লাসে সে বরাবরই প্রথম হতো। তার কৃতিত্বে আমি গর্বিত।’ঠাকুরগাঁও সুগার মিল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আকতার বলেন, ‘ছোটবেলা থেকেই মুসা ছিল ভিন্ন প্রকৃতির। সৃজনশীল বিষয়গুলো সব সময় ওকে আকৃষ্ট করত। ওকে আজ মিডিয়ায় দেখে খুব ভালো লাগছে। মুসা যে ইতিহাস গড়েছে, এতে আমাদেরও অবদান আছে। এটা ভাবতেই গর্ব হচ্ছে।’জেলা প্রশাসক মুহা. শহীদুজ্জামান বলেন, ‘ঠাকুরগাঁওয়ের ছেলে এভারেস্ট জয় করেছে, এটা অবশ্যই গর্বের বিষয়। জেলা প্রশাসন থেকে তাঁকে সংবর্ধনা জানানো হবে।’নানার বাড়িতে আনন্দের বন্যা: আমাদের কালাই (জয়পুরহাট) প্রতিনিধি জানান, অবসর পেলে প্রায়ই জয়পুরহাটের কালাইয়ে যেতেন মুসা ইব্রাহীম। উপজেলার চিঁচুরিয়া গ্রামে বড় খালার বাড়িতে রয়েছে তাঁর শৈশবের অনেক স্মৃতি। খালা তহুরুন নেছা গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমাদের শান্তশিষ্ট মুসা সত্যিই এভারেস্ট জয় করেছে, বিশ্বাসই করতে পারছি না। বোনের ছেলে হলেও ও আমার সন্তানের মতোই।’নানাবাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিদ্ধিপুর গ্রামেও বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। নানা বেঁচে নেই। নানি হামিদা বেগম বলেন, ‘পিচ্চি থাকতে মুসা খুব শান্ত স্বভাবের ছিল। তবে নানাবাড়িতে এসে সে ঘরে বসে থাকত না। সারা দিনই টইটই করে এখানে-সেখানে ঘুরে বেড়াত। ও যে একদিন এভাবে সারা বিশ্বে হইচই ফেলে দেবে, তা কখনো ভাবিনি।’