'হামার ছ্যাওয়াক ফিরি আনি দেউক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তোমরা সরকারোক কন, হামার ছ্যাওয়াক ফিরি আনি দেউক’। কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন ভারতীয় কারাগারে আটক হেলালের মা বৃদ্ধ রুজিনা বেগম। আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে তিনি আরও বলেন, ‘খালি হামার ছাওয়া নোয়ায়। কামের আশায় দালালের খপ্পরোত পড়ি ছিটের মেলা মানুষ, ছাওয়া-পাওয়া, বউ-বেটি ওই জেলোত আটক।’

বৃদ্ধার কথার সূত্র ধরে খোঁজ নিয়ে জানা যায়, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অভ্যন্তরে বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়াসহ পার্শ্ববর্তী চন্দ্রখানা ও নাগদহ গ্রামের প্রায় শতাধিক নারী, পুরুষ ও শিশু দীর্ঘদিন ধরে ভারতীয় কারাগারে আটক। অনেক পরিবারেরই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কারাগারে বন্দী। এতে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন ওই পরিবারের সদস্যরা। এসব বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা।

আটক পরিবারের সদস্য ও স্থানীয় ব্যক্তিদের সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলাটি ভারতীয় সীমান্তসংলগ্ন হওয়ায় ২০১৩ সালে কাজের প্রলোভন দেখিয়ে একটি দালাল চক্র একদল নারী, পুরুষ ও শিশুকে উপজেলার কাশিপুর সীমান্তের কাঁটাতারের বেড়া পার করে অবৈধভাবে ভারতে পাচার করে। কাজ শেষে বাংলাদেশে ফেরার সময় সীমান্তে ২০১৫ সালের ১৭ ডিসেম্বর ভারতীয় দালাল চক্রের সদস্যরা এসব লোকের সঙ্গে থাকা নগদ অর্থ, মুঠোফোনসহ যাবতীয় মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে মারধর করতে থাকেন। এ সময় ভারতীয় পুলিশ এগিয়ে এলে সটকে পড়েন দালালেরা। পরে ভারতের পশ্চিমবাংলার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার পুলিশ সদস্যরা অবৈধভাবে ভারতে ঢোকা এসব বাংলাদেশিকে আটক করে কারাগারে পাঠান। বর্তমানে তাঁরা বালুরঘাট কারাগারে আটক আছেন। এভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, দাশিয়ারছড়া ও এর আশপাশের প্রায় শতাধিক নারী, পুরুষ ও শিশু ভারতের আলিপুরদুয়ার, মাতাভাঙ্গা, মেখলিগঞ্জ, কোচবিহার, দিনহাটা, তুফানগঞ্জ, জলপাইগুড়ি সেন্টাল জেল, শিলিগুড়ি ইসলামপুর জেল ও বালুরঘাট জেলখানায় আটক রয়েছেন। আইনি সহযোগিতার অভাবে এসব বাংলাদেশি অনির্দিষ্টকালের জন্য ভারতের কারাগারে বন্দী। বালুরঘাট কারাগারে আটক থাকা বাংলাদেশিদের বয়স ৩ থেকে ৫০ বছরের মধে৵। ভারতীয় কারাগারে আটক হাসেন আলীর ছেলে মমিনুল ইসলাম, হেলাল হোসেনের মা রুজিনা বেগম, লাভলু মিয়ার শাশুড়ি রহিমা বেগম, হাফিজুলের মা শিল্পী বেগম, ছাইফুল ইসলামের বাবা কুদ্দুস আলী, খোরশেদের বাবা জমসের আলীসহ আরও অনেকে অভিযোগ করেন, দেড় বছর আগে যখন তাঁদের স্বজনেরা ভারতীয় বিএসএফ ও পুলিশের হাতে আটক হয়ে ভারতীয় কারাগারে যান, তখন থেকেই তাঁদের ছাড়াতে বাংলাদেশি দালালের মাধ্যমে ভারতীয় দালালদের কাছে আত্মীয়স্বজনেরা টাকা পাঠাতে থাকেন। কিন্তু দেড় বছর পার হলেও এখন পর্যন্ত কাউকে মুক্ত করা সম্ভব হয়নি।

বালুরঘাট কারাগারে আটক খোরশেদ আলমের বাবা জমশেদ আলী আরও বলেন, ‘আমি সরকারের কাছে দাবি জানাই, আমার ছেলেসহ সব বাংলাদেশিকে ফিরিয়ে আনা হউক।’ তিনি আরও বলেন,‘ওইসব জেলখানায় খাবার দেয় না। কষ্ট দেয়।’

ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারতীয় অংশের সাবেক সাধারণ সম্পাদক দিপ্তীমান সেনগুপ্ত মুঠোফোনে বলেন, ‘আমি কোচবিহার জেলা প্রশাসকের মাধ্যমে রাজ্য সরকারের কারা দপ্তরে কথা বলেছি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত এসব আটক ব্যক্তির বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ করেছি।’ তিনি আরও বলেন, যদি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিলুপ্ত ছিটমহলের অধিবাসী হিসেবে বাংলাদেশ সরকারের মাধ্যমে আটক হওয়া মানুষগুলোর ব্যাপারে আদালতে সুপারিশ পাঠান, তাহলে তাঁদের দেশে ফিরিয়ে আনা সহজ হবে।

বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ অংশের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, বিলুপ্ত ছিটমহলসহ ফুলবাড়ী উপজেলার যেসব বাসিন্দা ভারতের কারাগারে আটক, তাঁদের দ্রুততম সময়ের মধে৵ সরকারের সহযোগিতায় মুক্ত করে দেশে ফেরত আনা উচিত।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবেন্দ্র নাথ ঊরাঁও বলেন, বন্দীদের বিষয়ে সঠিক কোনো পরিসংখ্যান প্রশাসনের কাছে নেই। এসব লোক অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। আটক ব্যক্তিদের পরিবারগুলোর পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হলে বন্দীদের ব্যাপারটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।