'হামার দিকে কাইয়ো দেকে না'
স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে ছোট ডিঙি নৌকা নিয়ে ঘাটে ফিরছিলেন এক বৃদ্ধ দম্পতি। চর থেকে খড়ি ও ঘাস সংগ্রহ করে এনেছেন বাজারে বিক্রি করবেন বলে। একসময়ের জমির মালিক ছকমল (৭৫) নদীভাঙনের কবলে পড়ে এভাবেই কোনোমতে বেঁচে আছেন।
‘কী করম বা। প্যাটে খাইলে খাটা (পরিশ্রম) নাগে। শরীল চলে না। তাও যাওয়া নাগে। না খাটলে কাই খাবার দেয়।’ দুধকুমার নদে নৌকা বাইতে বাইতে কথাগুলো বলেন ছকমল। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী আমেন বেগম (৬৫)। তাঁদের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর পার্বতীপুর।
গত সোমবার বিকেলে ওই বৃদ্ধ বলেন, খড়ি ও ঘাসগুলো চর থেকে আধা কিলোমিটার দূরে অবস্থিত ইউনিয়নের যাত্রাপুর বাজারে বিক্রি করে খাবার কিনবেন। কিছু জ্বালানি হিসেবে ব্যবহার করবেন। দুবার বন্যায় চরের সব ফসল নষ্ট হয়ে গেছে। নদীর ভাঙনে ক্ষতিও হয়েছে। এবারও ভাঙছে। মানুষ কাজ না পেয়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন। কিন্তু বয়সের কারণে তাঁরা কোথাও যেতে পারছেন না। ফলে টুকটাক কাজ করেই জীবন চালাতে হচ্ছে।
আমেনা বেগম জানান, ২০ বছর আগে তাঁদের ২০ বিঘা জমি ছিল। কিন্তু গত ১০ বছরে সব নদীর গর্ভে চলে গেছে। যাত্রাপুর বাজারের পাশে অন্যের জমিতে একমাত্র মেয়েকে নিয়ে একটা ছাপরা ঘর তুলে থাকেন। তিনি দুঃখ করে বলেন, ‘হামার দিকে কাইয়ো দেকে না। কোনো কার্ড নাই। বৃদ্ধ ভাতা পাই না। কেমন করে চলি। শীত পরছে। ঠান্ডায় কাঁপি। মোটা কাপড় নাই। কয়েক দিন আগে জ্বর হইছিল। ওষুধ কিনম সেই পয়সা নাই।’
নৌকাটা তাঁর নিজের নয় বলে জানান ছকমল। গ্রামের একজনের। মাঝেমধ্যে তাঁর কাছ থেকে নিয়ে খড়ি কুড়াতে যান তাঁরা।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল গফুর বলেন, ছকমল একসময় সম্পন্ন গৃহস্থ ছিলেন। নদীভাঙনে সব শেষ হয়ে গেছে। এ অবস্থা শুধু ছকমলের নয়, চর পার্বতীপুর থেকে ঘনশ্যামপুর তিন কিলোমিটার এলাকার অনেক মানুষের। দুই বছর থেকে এখানে নদী ভাঙছে কিন্তু পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোনো ব্যবস্থা নেয় না।