'হামার যে এত ক্ষয়ক্ষতি হইল কাইয়ো দেখপার আসিল না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে বন্যার পানিতে তলিয়ে ধানখেত নষ্ট হয়ে যায়। ছবিটি গতকাল নাগেশ্বরীর হাতিবান্ধ​া গ্রাম থেকে তোলা l প্রথম আলো
কুড়িগ্রামে বন্যার পানিতে তলিয়ে ধানখেত নষ্ট হয়ে যায়। ছবিটি গতকাল নাগেশ্বরীর হাতিবান্ধ​া গ্রাম থেকে তোলা l প্রথম আলো

কুড়িগ্রামে বন্যার পানিতে মাঠকে মাঠ ফসল নষ্ট হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ধানখেতের। এ ছাড়া কলা, শাকসবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে কৃষকের সুখশান্তি উবে গেছে।
গতকাল রোববার কুড়িগ্রামের বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে। এ সময়কৃষক আবদুল জলিল জানালেন, তাঁর নিজের জমি নেই। অন্যের জমি বর্গা নিয়ে ধানের চাষ করেছিলেন। চাষাবাদ, ধান লাগানো, সার ও পানি দেওয়া বাবদ খরচ হয়েছে পাঁচ হাজার টাকা। সব নষ্ট হয়ে গেছে। এখন তিনি এক ছটাক ধানও পাবেন না। তিনি দুঃখ করে বলেন, ‘হামার যে এত ক্ষয়ক্ষতি হইল কাইয়ো দেখপার আসিল না।’
সরেজমিনে দেখা যায়, মাঠের পর মাঠ ধানখেত পচে নষ্ট হয়ে গেছে। ধরলা সেতু পার হয়ে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের বানির খামার গ্রামে গিয়ে দেখা যায়, কৃষক আবদুল জলিল একটি গাছের নিচে বসে খেতের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছেন। সড়কের পাশেই ২৮ শতক জমিতে ধান চাষ করেছিলেন তিনি। দীর্ঘদিন পানিতে ডুবে ধানগাছগুলো পচে গিয়ে এখন কাদায় লেপটে আছে। আশপাশের সব জমির একই অবস্থা।

হিদির ডোবা এলাকায় গিয়ে দেখা যায়, বিশাল এলাকাজুড়ে ধানগাছ নষ্ট হয়ে পড়ে আছে। এলাকার কৃষক নুরুন্নবী বললেন, ‘জমির দিকে তাকান যায় না। বুক ফাটি যায়। সব ধান নষ্ট হয়া গেইছে।’

ঘোগাদহ ইউনিয়নের চড়ুয়াপাড়া গ্রামের ইউনুস আলীসহ অনেকের ধানখেতে এখনো হাঁটুপানি। গ্রামের মানুষ খেতে নেমে মাছ ধরছে। এ সময় ইউনুস বলেন, ‘ধান তো গেইছে। মানুষ মাছ পাইলে তাতে শান্তি।’

নাগেশ্বরীর ভিতরবন্দ ইউনিয়নের হাতীবান্ধা ও কুমারপাড়া গ্রামে দেখা যায়, প্রায় ৩০-৪০ বিঘা জমির ব্রিআর আউশ ধানগাছ মাটিতে নেতিয়ে পড়েছে। গাছ ও শিষে পচন ধরেছে। কিছু জমির ধানগাছ দাঁড়িয়ে থাকলেও, অধিকাংশ শিষই পচে গেছে।

হাতীবান্ধার কৃষক খলিলুর রহমান জানালেন, তিনিসহ এলাকার কয়েজন কৃষক উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে ব্রিআর-৪৮ জাতের বীজ নিয়ে তিন বিঘা করে জমিতে রোপণ করেছিলেন। ফলন খুবই ভালো হয়েছিল। ধান প্রায় পেকেও গিয়েছিল। দুই থেকে চার দিনের মধ্যেই কাটা যেত। এমন সময় বন্যায় সব শেষ হয়ে যায়।

ধরলা নদীর দুই পারে অসংখ্য কলাবাগান। এরশাদুল হক নামের এক যুবক বলেন, ‘তিনি পাঁচ শতাধিক কলাগাছ লাগিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন পানি জমে থাকায় প্রায় সব গাছই মরে গেছে। এলাকার কলাচাষিরা এবার আর ঘুরে দাঁড়াতে পারবেন না। কারণ, অনেকে ঋণ নিয়ে বাগান করেন। এখন ঋণের টাকা দিতে হবে; সংসারও চালাতে হবে।’

পাঁচগাছি ও মোগলবাসা ইউনিয়নে নানা রকমের সবজির আবাদ হয়। ওই এলাকার বিভিন্ন গ্রামে দেখা যায়, পটোল, ঝিঙাসহ বিভিন্ন সবজির গাছ মরে নেতিয়ে আছে। বাঁশের মাচা পড়ে আছে। একাধিক কৃষক জানালেন, এবারের বন্যায় এলাকার দুই শতাধিক কৃষকের সবজি নষ্ট হয়ে গেছে।

কৃষি সম্প্রসারণ বিভাগের কুড়িগ্রামের উপপরিচালক কৃষিবিদ মো. মকবুল হোসেন প্রথম আলোকে বলেন, এবারের বন্যায় ধান, শাকসবজি, কলাসহ জেলার ৮ হাজার ৯৪৪ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।