'হামার সউগ শ্যাষ হয়া গেলো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের নিচে পড়ে মারা যাওয়া দিনমজুর সাহেদুল ইসলামের পরিবার। ছবি: প্রথম আলো
কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের নিচে পড়ে মারা যাওয়া দিনমজুর সাহেদুল ইসলামের পরিবার। ছবি: প্রথম আলো

‘হামার সউগ শ্যাষ হয়া গেলো। তোমরা হামার সামীক আনি দ্যাও। ছাওয়া তিনটাক নিয়া এ্যালা কেমন করি চলিম।’ স্বামীর লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে চিৎকার করে কথাগুলো বলছিলেন রাশেদা বেগম। রাশেদার স্বামী দিনমজুর সাহেদুল ইসলাম কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের নিচে পড়ে গতকাল রোববার মারা যান।

রাশেদা বেগম জানান, স্বামী সাহেদুল ইসলাম ছিলেন পেশায় দিনমজুর। প্রতিদিনের মজুরির টাকায় চলত তাঁদের ৫ সদস্যের সংসার। জানালেন, অভাবের সংসারে প্রায়ই টানাপোড়েন লেগেই থাকত। সংসারে তিন সন্তান। বড় ছেলে রায়হান চর বজরা উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে। ছোট ছেলে রাকিব খামার বজরা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণিতে পড়াশোনা করে। সবার ছোট রিফাত (৩) এখনো স্কুলে যাওয়া শুরু করেনি। সাহেদুলের স্বপ্ন ছিল, যত কষ্টই হোক ছেলেদের লেখাপড়া করাবেন। তাঁর মৃত্যুতে সে স্বপ্ন পূরণে শঙ্কা তৈরি হলো।

আজ সোমবার সহিদুলের মরদেহ বাড়িতে আনা হলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। দুপুরে জানাজা শেষে বাড়ির পাশে লাশ দাফনের সময় মাতম চলছিল। ছোট ছেলে রিফাত শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে ছিল বাবার মুখের দিকে। বড় ছেলে রায়হান চোখ মুছতে মুছতে বলে, ‘আব্বা সব সময় বলত, “বাবা ভালো করে পড়”।’
ওই সময় স্ত্রী রাশেদা নির্বাক। আগামী দিনগুলো কীভাবে চলবে। পৈতৃক সূত্রে পাওয়া ৩ শতক বসতভিটায় সাহেদুল ৩ ভাই, বাবা-মাসহ বসবাস করে আসছিল।

সাহেদুলের শ্যালক নয়া মিয়া জানান, তাঁর জন্য রিকশা কিনতে সাহেদুলকে নিয়ে গত রোববার কুড়িগ্রাম শহরে যান। সেখান থেকে নতুন রিকশা কিনে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম-উলিপুর সড়কের হেলিপ্যাড নামক স্থানে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি বালুভর্তি ট্রাক্টর কুড়িগ্রামগামী একটি নাইট কোচকে ওভারটেক করার সময় রিকশায় ধাক্কা দেয়। রিকশায় বসা সাহেদুল সড়কে ছিটকে পরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হন।

খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সাহেদুলকে ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় রিকশার পেছনে থাকা একটি মোটরসাইকেলকেও ট্রাক্টর ধাক্কা দিলে মির্জা হাফিজ (২৭) ও আকতারুল ইসলাম নান্নু (২৭) নামের ২ জন মারাত্মক আহত হন। এ সময় তাঁদের মোটরসাইকেলটি ট্রাক্টরের নিচে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। আহত লোকজনকে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনাস্থলে উপস্থিত মিজানুর রহমান নামের এক শিক্ষার্থী ক্ষোভের সঙ্গে জানায়, অনুমোদনহীন যানবাহন প্রতিনিয়তই কেড়ে নিচ্ছে তাজা প্রাণগুলো। কিন্তু রাস্তায় চলাচলের অনুমতি না থাকলেও কীভাবে চলে এসব নছিমন, করিমন, ভটভটি, ট্রলি আর ট্রাক্টর? অদক্ষরাই প্রতিনিয়ত সড়কে মৃত্যুর মিছিল বানাচ্ছে, আর প্রশাসন নীরব।