'হামারঘরে ভোটেরও দাম আচে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার তিনটি পৌরসভায় এবার পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি। এসব নারী ভোটারের অনেকের অভিযোগ, নারী প্রার্থীরা তাঁদের কাছে ভোট চাইলেও পুরুষ প্রার্থীরা তাঁদের গোনায় ধরছেন না। তবু তাঁরা যাকে ভালো মনে করবেন তাঁকেই ভোট দেবেন বলে জানান।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ পৌরসভায় মোট ভোটার ৮৬ হাজার ৫২৯ জন। এর মধ্যে পুরুষ ৪২ হাজার ৪৭৪ ও নারী ৪৪ হাজার ৫৫ জন। তিনটি পৌরসভায় মেয়র পদে ১৯ জন, কাউন্সিলর পদে ১৩৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪৯ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গতকাল মঙ্গলবার গাইবান্ধা ৬ নম্বর ওয়ার্ডের ভোটার ও চাকরিজীবী হামিদা বানু বলেন, ‘গত সোমবার এক প্রার্থী বাসায় ভোট চাইতে এসে আমাকেই বলছেন, এই বাসার অভিভাবক কে! আমিও একজন ভোটার। কিন্তু তিনি আমার কাছে ভোট চাওয়ার প্রয়োজন মনে করলেন না।’

একই ওয়ার্ডের গোরস্থানপাড়া এলাকার ভোটার রাউফা আক্তার বলেন, সামান্য বৃষ্টি হলে তাঁদের পাড়ায় পানি জমে থাকে। পানিনিষ্কাশনের জন্য নালা নেই। রাস্তা থাকলেও সেটির অবস্থা খারাপ। গত পৌর নির্বাচনে নালা নির্মাণ ও রাস্তা সংস্কারের কথা বলে ভোট নেওয়া হয়েছে। এবার যে প্রার্থী আগে এসব কাজ করবেন, তাঁকেই তিনি ভোট দেবেন।

একই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভোটার গৃহিণী পুষ্প রানী বলেন, ‘হামারঘরে কাচে কাউয়ো ভোট চায় না। সগলে খালি ব্যাটা ছোলগুল্যার কাচে ভোট চায়। কিনতো হামারঘরে ভোটেরও দাম আচে। এব্যারক্যা সোয়ামির কতাত ভোট দিব্যার নই। যাক ভালো মোনে করমো, তাকে ভোট দেমো।’

সুন্দরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভোটার প্রীতি রানী বললেন, কেবল নারী প্রার্থীরা ভোট চাইতে এসেছিলেন। কিন্তু এ পর্যন্ত কোনো পুরুষ প্রার্থী তাঁর কাছে ভোট চাননি।

গোবিন্দগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভোটার নাজিয়া নুর বললেন, এবারই তিনি প্রথম ভোট দেবেন। এখনো কেউ তাঁর কাছে ভোট চাননি। তবে তিনি কারও কথায় ভোট দেবেন না বলে জানালেন। সৎ ও যোগ্য প্রার্থীর খোঁজখবর নিয়ে তারপর সিদ্ধান্ত নেবেন।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে গাইবান্ধা পৌরসভার এক মেয়র প্রার্থী বলেন, পৌরসভা একটি বিশাল এলাকা। সবার বাড়ি বাড়ি ঘুরে নারী ভোটারদের কাছে ভোট চাওয়া সম্ভব হয়ে উঠছে না।