‘হামালা’ রপ্তানিতে সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাউখালী উপজেলায় আদিবাসী নারীদের ‘হামালা’ বা ‘আটাব’ তৈরি ও মধ্যপ্রাচ্যে রপ্তানির ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এ আশ্বাস দেওয়া হয়।মধ্যপ্রাচ্যে শৌখিন উটের মালিকেরা নানা নকশা করা কাপড় দিয়ে উট সাজান। অতিরিক্ত গরম বা ঠান্ডা থেকে উটকে রক্ষা করতে বিশেষ কাপড় ব্যবহার করা হয়। সংযুক্ত আরব-আমিরাতে এসব কাপড় কোথাও ‘হামালা’ আবারও কোথাও ‘আটাব’ নামে পরিচিত।কাউখালীর ঘাগড়া ইউনিয়নের ঝরনা চাকমার নেতৃত্বে প্রায় ৫০ জন আদিবাসী নারী বেইনে (কোমর তাঁতে) ‘হামালা’ তৈরি করছেন। ওই ‘হামালা’ নোয়াখালীর চরজব্বারের আবুল কাশেম বিভিন্নজনের মাধ্যমে আবুধাবি প্রবাসী তাঁর ছেলের কাছে পাঠিয়ে বিক্রি করেন। কয়েক বছর ধরে ‘হামালা’ তৈরি ও রপ্তানি করা হলেও বিষয়টি কারও জানা ছিল না। গত ২৫ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘হামালায় দিন বদল’ শিরোনামে শনিবারের বিশেষ প্রতিবেদন ছাপা হলে বিষয়টি সবার নজরে আসে। ঝরনা জানান, তিনি ও আবুল কাশেম বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গিয়ে এসএমই শাখার মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরীর সঙ্গে দেখা করেন। ওই সময় সিলেটের মণিপুরি সম্প্রদায়ের কয়েকজনকে সেখানে ডাকা হয়। তাঁদের (মণিপুরি) ‘হামালা’ তৈরির পদ্ধতি শেখানোর ব্যাপারে আলোচনা হয়। এতে ব্যাংকের পক্ষ থেকে এ ব্যাপারে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।