'হামিদনগর' আজও কাগজে-কলমেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান

আজ ২৮ অক্টোবর বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের ৪৩তম মৃত্যুবাষির্কী। এ উপলক্ষে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এদিকে ছয় বছর আগে তাঁর নিজ গ্রাম খোর্দ্দ-খালিশপুরকে সরকারিভাবে ‘হামিদনগর’ হিসেবে ঘোষণা দেওয়া হলেও এখনো কাগজে-কলমে তা বাস্তবায়ন হয়নি।
উপজেলার হাট-খালিশপুরে তাঁর নামের কলেজের কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ১০টায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আর পরিবারের পক্ষ থেকে বিকেল চারটায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মহেশপুর উপজেলার খোর্দ্দ-খালিশপুর গ্রামে জন্ম নেওয়া এই বীরশ্রেষ্ঠের স্মৃতি রক্ষার্থে ২০১০ সালের ২৫ অক্টোবর তাঁর বাড়ির রাস্তাটি তাঁর নামে নামকরণ করা হয়। তৎকালীন স্থানীয় সাংসদ শফিকুল আজম খান চঞ্চল ওই রাস্তার উদ্বোধন করেন। পরে ২০০৮ সালের ৯ মার্চ হামিদুর রহমানের নামে প্রতিষ্ঠিত পাঠাগার ও জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের এলজিইডি উপদেষ্টা আনোয়ারুল ইকবাল গ্রামের নাম হামিদনগর বলে ঘোষণা দেন। কিন্তু ছয় বছর আগে গ্রামটির নাম পরিবর্তন করা হলেও কাগজে-কলমে আগের নামটিই লেখা হচ্ছে। এদিকে ২০০৮ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে সাত বীরশ্রেষ্ঠের নিজ নিজ গ্রামের বাড়ি তাঁদের নামে নামকরণের ঘোষণা দেওয়া হয়। তারপর ছয় বীরশ্রেষ্ঠের গ্রামে নাম পরিবর্তন করা হলেও এই গ্রামে এখনো করা হয়নি।
এসবিকে ইউপির চেয়ারম্যান সাজ্জাদ হোসেন জানান, তাঁরা আজও সরকারি গেজেট পাননি। এ কারণে এখনো খোর্দ্দ-খালিশপুর লিখছেন।