'হারিয়ে যাওয়া' ভাস্কর্য ফিরে পেল শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ভাস্কর্য বিভাগের শিক্ষার্থীদের তৈরি ভাস্কর্যগুলো গতকাল ফিরে পাওয়ার পর সেগুলো ইনস্টিটিউটের লাইব্রেরির পাশে রাখা হয় l ছবি: প্রথম আলো
খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ভাস্কর্য বিভাগের শিক্ষার্থীদের তৈরি ভাস্কর্যগুলো গতকাল ফিরে পাওয়ার পর সেগুলো ইনস্টিটিউটের লাইব্রেরির পাশে রাখা হয় l ছবি: প্রথম আলো

খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ভাস্কর্য বিভাগের শিক্ষার্থীদের তৈরি অনেক ভাস্কর্য মাস ছয়েক আগে হঠাৎ করে উধাও হয়ে যায়। পরে খোঁজ নিয়ে জানা যায়, সেগুলো স্থানীয় একটি ওয়াইসি রিসোর্ট পার্কের হাতে তুলে দিয়েছেন চারুকলা ইনস্টিটিউটের অপর বিভাগের এক শিক্ষক। ভাস্কর্য বিভাগের চেষ্টায় গতকাল মঙ্গলবার ভাস্কর্যগুলো ক্যাম্পাসে ফিরেছে।

ভাস্কর্য বিভাগের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, ২০১২ সাল থেকে চলতি বছর পর্যন্ত বিভিন্ন ক্লাস ও পরীক্ষার অংশ হিসেবে শিক্ষার্থীদের তৈরি মূর্তি ও ভাস্কর্যগুলো বিভাগের সামনেই রাখা ছিল। এর মধ্যে ৫০-৬০টি ভালো ভাস্কর্য মাস ছয়েক আগে হারিয়ে যায়। একপর্যায়ে খবর পাওয়া যায়, সেগুলো বটিয়াঘাটায় সদ্যনির্মিত ওয়াইসি রিসোর্ট নামের একটি পার্কে আছে। শিক্ষার্থীরা সেখানে গিয়ে তাঁদের ভাস্কর্যগুলো দেখেও আসেন। পরে জানা যায়, চারুকলা অনুষদের প্রিন্ট মেকিং বিভাগের সহকারী অধ্যাপক নিহার রঞ্জন সিংহ ভাস্কর্যগুলো ওই রিসোর্ট পার্কের কাছে তুলে দিয়েছেন। তিনি সেগুলো বিক্রি করেছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের জন্য কয়েক দিন আগে বিভাগীয় প্রধানের কাছে লিখিত অভিযোগ করেন ভাস্কর্য বিভাগের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তর থেকে জানা গেছে, কয়েক দিন আগে ভাস্কর্য বিভাগের প্রধান এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপাচার্য বরাবর লিখিত আবেদন করেন।

নিহার রঞ্জন সিংহ গতকাল প্রথম আলোকে বলেন, ‘ভাস্কর্যগুলো বিক্রি করা হয়নি। কিছুদিন ব্যবহারের জন্য রিসোর্ট পার্কে দেওয়া হয়েছিল।’

চারুকলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আহমেদ আহাসানুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘ব্যাপারটা শুনেছি। বিস্তারিত কিছু জানি না।’

জানতে চাইলে ভাস্কর্য বিভাগের প্রধান সহকারী অধ্যাপক জাহিদা আক্তার গতকাল প্রথম আলোকে বলেন, ‘ভাস্কর্যগুলো আজ আমরা ফেরত পেয়েছি।’