‘বিএনপিকে চাঙা করতে হলে সিলেটে এখন দুজনের নাম নিয়ে দাঁড়াতে হয়। একজন নিখোঁজ নেতা এম ইলিয়াস আলী, অন্যজন কারাবন্দী আরিফুল হক চৌধুরী। অথচ বাস্তবের মতো কেন্দ্রের কমিটিতেও নিখোঁজ ইলিয়াস! আর দলের পক্ষে ভোটে লড়ে, মেয়র হয়ে, কারাভোগ করেও আগের পদে নামকাওয়াস্তে আছেন আরিফুল হক। আসলে আমরার হাল ধরার দুই নেতাই আড়াল!’
চাপা ক্ষোভ আর হতাশার সুরে এভাবেই বলছিলেন সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাহবুবুল হক চৌধুরী। ইলিয়াস আলী ‘নিখোঁজ’ ও আরিফুল হকের মুক্তির দাবিতে সিলেটে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকা তৃণমূলের এই নেতা সম্প্রতি ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতির পদ পেয়েছেন। এ সূত্রে তৃণমূলের দিকে নজর দিতে গিয়ে তাঁর এই মূল্যায়ন।
৬ আগস্ট ঘোষিত বিএনপির কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগের চার জেলার ২৬ নেতা বিভিন্ন পদ পেয়েছেন। এর মধ্যে সিলেটের ১৫ নেতা রয়েছেন। নগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক ও ইলিয়াস আলীর পত্নী তাহসিনা রুশদী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য হয়েছেন। বেসরকারীকরণ কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী ভাইস চেয়ারম্যান পদসহ বিভিন্ন সম্পাদকীয়, সহসম্পাদকের পদ পেয়েছেন জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ আহ্বায়ক দিলদার হোসেন সেলিম, সাবেক সাংগঠনিক সম্পাদক সামসুজ্জামান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আবদুর রাজ্জাক, জেলা কমিটির সাবেক সদস্য খন্দকার আবদুল মুক্তাদির ও হুমায়ূন কবির।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী, সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী, নগরের সাবেক আহ্বায়ক শাহরিয়ার হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী, চিত্রনায়ক হেলাল খান ও মহিলা দলের নেত্রী হাদিয়া আক্তার মুন্নি নির্বাহী সদস্য পদ পেয়েছেন
দলীয় সূত্র জানায়, কেন্দ্র থেকে বাদ পড়া এম ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল থেকে নিখোঁজ। তাঁকে সরকারই ‘গুম’ করেছে বলে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছেন বিএনপির তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের নেতারা। এর আগের কেন্দ্রীয় কমিটিতে তিনি ছিলেন সাংগঠনিক সম্পাদক। পাশাপাশি ছিলেন জেলা বিএনপিরও সভাপতির দায়িত্বে। ২০১১ সালের শেষ দিকে ইলিয়াস সিলেট বিভাগের বড় আঞ্চলিক আন্দোলন ভারতের টিপাইমুখের বাঁধবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে আলোচিত হয়েছিলেন। তাঁর ডাকে বিভাগের চার জেলায় সর্বাত্মক হরতাল পালিত হয়েছিল।
এ আন্দোলন চলমান থাকার ছয় মাসের মাথায় ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ ‘নিখোঁজ’ হওয়ায় সিলেটে ইলিয়াস আলীর নির্বাচনী এলাকার মানুষের ধারণা, রাজনৈতিক পটপরিবর্তন হলে তিনি ঠিকই ফিরবেন।
অন্যদিকে সিলেটে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের মধ্য দিয়ে নেতৃত্বে হাতেখড়ি আরিফুল হক চৌধুরীর। চারদলীয় জোট সরকার ক্ষমতার থাকার সময় দুই মেয়াদে তিনি নগর বিএনপির সভাপতি পদে ছিলেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি জেল খাটেন। এক-এগারোর পরিবর্তিত রাজনৈতিক অবস্থার পর কেন্দ্রের সদস্য পদে আসীন হয়ে ফের রাজনীতিতে সক্রিয় হন।
২০১৩ সালের ১৫ জুন বিএনপিসমর্থিত প্রার্থী হিসেবে সিলেট সিটি করপোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগসমর্থিত প্রার্থী টানা ১৮ বছর মেয়র পদে থাকা বদরউদ্দিন আহমদ কামরানকে পরাজিত করে আলোচিত হন। প্রায় দেড় বছর মেয়রের দায়িত্ব পালনের পরই আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় অভিযুক্ত হলে আরিফুল হক ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করেন। ২০১৫ সালের ৭ জানুয়ারি মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হন। সম্প্রতি সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলার মামলায় আরিফকে সন্দেভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিএনপির নেতা-কর্মী থেকে শুরু করে নগরের সাধারণ লোকজনের বিশ্বাস—আরিফুল হক মেয়র না হলে এভাবে কারাবন্দী হতেন না।
কেন্দ্রীয় কমিটিতে এ দুই নেতার মূল্যায়ন না হওয়া প্রসঙ্গে জানতে চাইলে সদ্যঘোষিত কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম প্রথম আলোকে বলেন, ‘এখনকার অবস্থা হচ্ছে দমবন্ধকর এক অবস্থা। দলকে শক্তিশালী করার প্রথম অন্তরায় সরকারের দমনপীড়ন। নেতা-কর্মীনির্বিশেষে চলছে এই নির্যাতন। এই দমবন্ধকর অবস্থায় তাঁরা দুজনও (ইলিয়াস-আরিফ) তৃণমূলের শক্তি। তবে রাজনীতি ও দলীয় পদ হচ্ছে একটি চলমান প্রক্রিয়া, তাই মূল্যায়নও আটকে থাকে না।’