'হালদা নদীর পরিবেশ মাছের প্রজননের প্রতিকূলে চলে যাচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে রাবার ড্যাম তৈরি, দূষণসহ বিভিন্ন কারণে হালদা নদীর পরিবেশ দিন দিন মাছের প্রজননের প্রতিকূলে চলে যাচ্ছে। এ কারণে প্রতিবছর মাছের ডিম ছাড়ার পরিমাণ কমছে। সরকার হালদা নদীর বিষয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পর হালদায় পানিপ্রবাহ বাড়ানো ও দূষণ কমানোর বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬ উদ্‌যাপন কমিটির সদস্যরা।

সংবাদ সম্মেলনে চট্টগ্রামের জেলা প্রশাসক ও উদ্‌যাপন কমিটির সভাপতি মেজবাহ উদ্দিন বলেন, মৎস্য আহরণকারীদের অসচেতনতার কারণে দেশ থেকে ইতিমধ্যে অনেক প্রজাতির দেশি মাছ বিলুপ্ত হয়ে গেছে। তাঁদের সচেতন করতে পারলে বিদেশে মাছের রপ্তানির পরিমাণ আরও বাড়ানো যাবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মৎস্য সপ্তাহ পালন করতে এবার সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, শোভাযাত্রা, হালদা নদীতে রুই মাছের পোনা অবমুক্তকরণ, বিদ্যালয়ে মৎস্য চাষ-বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের পরিচালক নাসিরুদ্দিন মো. হুমায়ুন, সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ইকবাল হারুন, চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ও উদ্‌যাপন কমিটির সদস্যসচিব প্রভাতী দেব।