'হাসন রাজা একাডেমি'র নাম বহাল রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের মধ্যশহর এলাকায় নির্মিতব্য ‘হাসন রাজা একাডেমি’র নাম পরিবর্তন করে ‘বাউল একাডেমি’ করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হাসন রাজা পরিষদের নেতারা এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাসন রাজা পরিষদের সাধারণ সম্পাদক সামারীন দেওয়ান। তিনি বলেন, ‘স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় স্থানীয় প্রশাসন সুনামগঞ্জ শহরে নির্মিতব্য হাসন রাজা একাডেমির নাম পরিবর্তন করে বাউল একাডেমি করার ব্যাপারে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগগুলোতে প্রতিবেদন পাঠিয়েছে। এর তীব্র নিন্দা জানাই।’ তিনি জানান, হাসন রাজা কেবল সিলেটবাসীর গর্ব ও ঐতিহ্যের ধন নন, তিনি এখন বিশ্বের সংস্কৃতি ও বাউলপ্রেমী মানুষের কাছে কিংবদন্তিতুল্য। মহান এ মানুষের নামে নির্মিতব্য একাডেমির নামের পরিবর্তন কোনোভাবেই স্থানীয় সাহিত্য-সংস্কৃতির্মীরা মেনে নেবেন না। তাই দ্রুত এ সিদ্ধান্ত পরিবর্তন করে হাসন রাজার নামে নামকরণ বহাল রাখার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে অনদের মধ্যে উপস্থিত ছিলেন কবি নৃপেন্দ্রলাল দাশ, সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, গীতিকবি শামসুল আলমসহ সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরা। তাঁরা প্রত্যেকেই হাসন রাজা একাডেমির নাম বহালের দাবি জানান।
ক্ষোভ ও নিন্দা: হাসন রাজা একাডেমির নাম বহাল রেখে দ্রুত নির্মাণকাজ শেষ করার আহ্বান জানান সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের ২১ জন বিশিষ্ট নাগরিক। গতকাল বিকেলে তাঁরা এক যৌথ বিবৃতিতে একাডেমির নামকরণ পরিবর্তনের উদ্যোগের নিন্দা জানান এবং ক্ষোভ প্রকাশ করেন। বিবৃতিদাতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আরশ আলী, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, শিশুসাহিত্যিক তুষার কর, আবৃত্তিকার অম্বরীষ দত্ত, অঙ্গীকার বাংলাদেশের পরিচালকমণ্ডলীর সদস্য আইনজীবী মইনুদ্দিন আহমদ জালাল, সিলেট কমার্স কলেজের উপাধ্যক্ষ মোস্তাক আহমাদ দীন প্রমুখ।