'হাসপাতাল বর্জ্য যত্রতত্র ফেলার কারণে রোগীর সংখ্যা বাড়ছে'
হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনায় সরকার নিয়ম ও আইন করে দিলেও অসাধু ব্যবসায়ীরা তা মানছেন না। হাসপাতাল বর্জ্য ফেলছে যত্রতত্র। রাস্তা থেকে সেই স্যালাইন, সিরিঞ্জ ও অন্যান্য বর্জ্যই কুড়িয়ে আবার তা নতুন প্যাকেটে ভরে বাজারজাত করা হচ্ছে। ফলে হাসপাতালগামী লোকের সংখ্যা দিন দিন বাড়ছে।
গতকাল শনিবার এসইএল সেন্টার মিলনায়তনে ‘হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এনডিএফ) আয়োজনে এবং আর্টিকেল ১৯-এর সহযোগিতায় ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এনডিএফের চেয়ারম্যান ইবনুল সাঈদের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন আলম, এনডিএফের ভাইস প্রেসিডেন্ট সুলতান মাহমুদ। সভাটি সঞ্চালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র ও অগ্রদূত এডু পার্কের প্রধান দেলোয়ার হোসেন। আলোচক হিসেবে ছিলেন এসইএলের নিরাপত্তা কর্মকর্তা আবদুর রহমান। সভায় বক্তারা অবিলম্বে দেশের সব হাসপাতালে বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।