ঘোলাটে কুয়াশার সকালে একটা গাছ থেকে এক দঙ্গল কাক তারস্বরে কা কা ডেকে উড়াল দিয়ে সামনের আকাশটা কালো করে দিল।
আমাদের আসনে আইনজীবী-কাম-মৎস্যজীবী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আপসে সাংসদ নাজেল হয়েছেন, ভোট নেই। ভোট হচ্ছে, ঢাকার এমন দু-একটি আসন ঘুরে দেখব বলে বেরিয়েছিলাম গতকাল সকালে।
লালসালু আর নির্বাচন কমিশনের ছাড়পত্রের ছাপ্পা মারা সিএনজিচালিত অটোরিকশায় করে পৌঁছাই গুলশান ইয়ুথ ক্লাবের মাঠে। হনহনিয়ে মাঠে চক্কর দিচ্ছেন কয়েকজন স্বাস্থ্যান্বেষী। প্রশ্ন নিয়ে পথ আটকে দাঁড়ালে বেসরকারি চাকরিজীবী মো. আশরাফ আলী সাফ বলে দিলেন, ভোট দেবেন না, ‘এটা তো কোনো নির্বাচন না!’
গুলশানের আসনটি ঢাকা-১৭। জাতীয় পার্টির কর্ণধার হুসেইন মুহম্মদ এরশাদ মনোনয়নপত্র প্রত্যাহার করার পর এখানে প্রার্থী ছিলেন তিনজন। ইয়ুথ ক্লাবের সদস্য ও কর্মী সাঈদা কবির বললেন, এঁদের কাউকেই তিনি বা তাঁর বন্ধুবান্ধবেরা চেনেন না, ‘ভোট দিব কাকে? দিব না।’
সাঈদা বলেন, প্রার্থীদের পক্ষ থেকে কেউ তাঁদের কাছে আসেননি। কোথায় তাঁদের ভোটকেন্দ্র, সেটাও কেউ জানায়নি। তাঁরা ভেবেছিলেন, হয়তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ সাংসদ হয়ে গেছেন। আগের দিন বাজারে গিয়ে সাঈদা প্রার্থীদের কথা প্রথম শুনেছেন।
সরকারের ছত্রচ্ছায়ায় গজিয়ে ওঠা বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট—বিএনএফের কর্ণধার আবুল কালাম আজাদ এখানকার প্রার্থী। সাঈদাকে দোকানিরা বলেছেন, আজাদ ‘টিভি’ মার্কায় আওয়ামী লীগের লোক।
বেলা পৌনে ১১টায় গুলশান মডেল স্কুলে মেয়েদের একটি ভোটকেন্দ্রে এক বুথে দেখি, তখনো একজন ভোটারও আসেননি। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. কামরুজ্জামান খান বললেন, ‘এটা তো লাক্সুরিয়াস (বিলাসী) এলাকা, মানুষজন ওঠেই বেলা ১০টায়।’
বিএনএফের একজন পোলিং এজেন্ট বললেন, তিনি আওয়ামী লীগ করেন। প্রার্থী আজাদকে মাস ছয়েক ধরে চেনেন। বিএনএফের এজেন্ট হয়েছেন দলনেত্রীর ইচ্ছায়। এদিকে মাঠে দেখি ২৮ জন পুরুষের একতাবদ্ধ একটা লাইন। সামনের লোকটি বলেন, ‘আমরা টিভি মার্কায় ভোট দিতে আসছি।’ আরেকজন বললেন, ‘নৌকা’র জন্য এসেছেন।
বেলা সাড়ে ১১টাতেও গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের দোতলায় মেয়েদের কেন্দ্রটি ফাঁকা। পাহারায় নিয়োজিত পুলিশদের একজন মুচকি হেসে বললেন, ‘কঠিন ভোট হচ্ছে!’ আরেকজন বললেন, ‘বসে বসে রোদ পোহাচ্ছি।’
বাইরে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান মৃধার পোস্টারে জানানো হয়েছে, তিনি ডিজিএফআইয়ের কর্মকর্তা ছিলেন। কেন্দ্রগুলোর আশপাশে ভিড়ভাট্টা নেই। মরা ধূসর দিনের মতোই আবহ।
ঝকঝকে উড়ালসড়ক দিয়ে মিরপুর যেতে পথে কাফরুল আসনের দুটি ফাঁকা ফাঁকা ভোটকেন্দ্র চোখে পড়ে।
পল্লবী-মিরপুরে ঢাকা-১৬ আসনের ভোটে বরং কিছুটা দম ছিল। সেখানে ইলিয়াস মোল্লাহ্র নৌকার সঙ্গে লড়েছেন আওয়ামী লীগেরই মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র সর্দার মোহাম্মদ মান্নান, আনারস মার্কায়। কালসীতে বাউনিয়া বাঁধ টিনচালা বসতির ‘আরবান স্কুল’ ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা বলেন, ১২টার আগেই সেখানে প্রায় ৭৫০ নারী—২৪ শতাংশ—ভোট দিয়েছেন!
বসতির মুখে ছোট্ট একটা মুদি দোকান। টিভিতে খবর হচ্ছে। দোকানদার মো. রুবেল বললেন, ‘দ্যাশের পরিস্থিতি দেখতাছি।’ রুবেলের দাদা জয়নাল সরদারের বয়স ১০০ ছাড়িয়েছে। তিনিসহ সবাই ভোট দিয়েছেন।
ছিন্নমূল মানুষদের এ বসতি আওয়ামী লীগের জোরসমর্থক। এঁদের আশা, শেখ হাসিনা এখানে তাঁদের পাকা বন্দোবস্তির দলিল করে দেবেন।
তবে ভোট জমেনি, বলেন জয়নাল। প্রধান দুই প্রতিদ্বন্দ্বীই আদতে আওয়ামী লীগের। জয়নালের ছেলে শামসুল হক বললেন, ‘বিএনপি যদি থাকত, ভোটের আমেজ থাকত। এখন হারজিতের মজা নাই। এইবার ভাত খাইলাম লবণ ছাড়া।’ প্রতিবেশী সুফিয়ার সরল কথা, ‘আনারসও নৌকা, নৌকাও নৌকা! হাসিনার ঘাটেই সব যাইব!’
আর প্রবীণ আঞ্জুমান বলেন, ‘আতঙ্ক লাগে, ভয় করে।’ তাঁর চোখ টিভির দিকে, যেখানে আসছে সারা দেশের খবর।