‘হায়রে জানি কী কী আছে, দেখার মতো জিনিস আছে/ বাঘ-ভাল্লুক সবই আছে/ কত কিছু দেখার আছে...’ সুর তুলে বিচিত্র পোশাক পরে পঞ্চাশোর্ধ্ব বায়োস্কোপওয়ালা রহমত মিয়া এভাবেই নজর কাড়ার চেষ্টা করছিলেন। শিশু-কিশোরেরা তাঁর কথার জাদুতে মুগ্ধ হয়ে পাঁচ টাকার বিনিময়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বায়স্কোপের ছোট ফুটো দিয়ে ‘কত কিছু’ দেখায় মগ্ন।পয়লা বৈশাখ উপলক্ষে সিলেট নগরের সুরমা নদীর তীরে শারদা স্মৃতি ভবন-সংলগ্ন কিনব্রিজ চত্বরে সিটি করপোরেশন আয়োজিত পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলার এটি ছিল একটি খণ্ড দৃশ্য। বাঙালি সংস্কৃতির এ রকম আরও বর্ণিল দৃশ্য মেলায় আসা মানুষের চোখ এড়ায়নি। মেলা চলবে ৫ বৈশাখ (১৮ এপ্রিল) পর্যন্ত।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফারজানা ইয়াসমিন, অর্পণা রায়, ফেরদৌসী বেগমসহ জনা দশেক বান্ধবী মেলায় ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের প্রত্যেকের পরণে লাল পাড়ের সাদা শাড়ি, গালে নববর্ষের আলপনা আর খোঁপায় লাল গোলাপ। অভিন্ন সুরে তাঁদের ভাষ্য, ‘মেলায় সব বান্ধবী মিলে ঘুরতে এসেছি। সাপের খেলা দেখলাম, বিচিত্র স্বাদের খাবার খেলাম আর চুটিয়ে আড্ডা দিলাম।’নগরের বাগবাড়ী এলাকা থেকে মেলায় সপরিবারে বেড়াতে এসেছেন হোসেন আহমদ। তিনি একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। তাঁর স্ত্রী সালমা আক্তার বলেন, ‘এক ছেলে ও দুই মেয়েকে সঙ্গে করে আমরা মেলায় এসেছি। মাটির তৈরি কিছু সামগ্রী কিনেছি, যেগুলো সচরাচর শহরের কোনো দোকানে কিনতে পাওয়া যায় না। এ ছাড়া মেলা যেহেতু সুরমা নদীর তীরে কিনব্রিজ চত্বরে হচ্ছে, তাই পরিবারের সবাইকে নিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে মেলায় ঘোরাটাও কম আনন্দের বিষয় নয়!’ বৃহত্তর সিলেট ইতিহাস প্রণয়ন পরিষদের সাধারণ সম্পাদক কবি শুভেন্দু ইমাম প্রথম আলোকে বলেন, ‘বৈশাখী মেলা আমাদের গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে পয়লা বৈশাখ উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে বৈশাখী মেলার আয়োজন করা হচ্ছে। শহরের মানুষ নতুনভাবে ফেলে আসা গ্রামের শৈশব, অতীত আর গ্রামীণ সংস্কৃতিকে নতুনভাবে ফিরে পাচ্ছে।’