‘হায়রে মানবসন্তান’
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ডোবায় গতকাল শনিবার সকালে ভেসে ওঠে এক নবজাতকের লাশ। দিনভর লাশটি পানিতে ভাসে। বিকেল পর্যন্ত লাশটি উদ্ধারে এগিয়ে আসেনি কেউ। এদিকে শিশুর লাশের খবর পেয়ে তা দেখার জন্য দিনভর মানুষের ভিড় জমে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। ধারণা করা হচ্ছে, রাতে গর্ভপাত করার পর শিশুটিকে পানিতে ফেলে দেওয়া হয়েছে। নবজাতকের লাশ দেখতে আসা রহিম মিয়া (৭০) আক্ষেপ করে বলেন, ‘সকাল থেকে বাচ্চাটির লাশ পানিতে ভাসছে। অথচ কেউ এটি উদ্ধারের কোনো ব্যবস্থা নিচ্ছে না। হায়রে মানবসন্তান।’ তাড়াইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও) মো. আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘সকালে লাশটি দেখার পর পুলিশে খবর দিয়েছি। আমার ধারণা, শিশুটির বয়স ছয়-সাত মাস হবে।’ যোগাযোগ করলে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রহমান বলেন, ‘আমি জেলা শহরে একটি সভায় আছি। লাশের ব্যাপারে যা করার তদন্ত কর্মকর্তা করবেন। তাঁর সঙ্গে কথা বলেন।’ থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান বলেন, ‘স্যারের মুঠোফোনে বারবার কথা বলার চেষ্টা করেও পাচ্ছি না। ঘটনার বিষয়ে যাঁর সিদ্ধান্ত নেওয়ার তিনিই নেবেন।’