'হিট লিস্ট' করে বিরোধীদের খুন করছে সরকার: বিএনপি
যৌথ বাহিনী নামিয়ে ‘হিট লিস্ট’ করে সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের খুন করা শুরু করেছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আজ মঙ্গলবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। তাঁর অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে শাসকদলীয় ক্যাডাররা বিরোধী দলের নেতা-কর্মীদের বাড়ি-বাড়ি গিয়ে হামলা করছে। গত কয়েক দিনে লক্ষ্মীপুর, জয়পুরহাট, সাতক্ষীরা, নীলফামারী, নোয়াখালী, লালমনিরহাট ও যশোরে অন্তত ২৫ জন নেতা-কর্মী নিহত হয়েছেন।
নজরুল ইসলাম বলেন, তফসিল ঘোষণার পরও যৌথ বাহিনী দিয়ে জেলায় জেলায় ১৮-দলীয় জোটের নেতাদের হত্যা-গুম করার দায় থেকে নির্বাচন কমিশন রেহাই পেতে পারে না। ‘আজ্ঞাবাহী’ নির্বাচন কমিশনকে ভবিষ্যতে অবশ্যই এসব ঘটনার জন্য জবাবদিহি করতে হবে।
নজরুল ইসলাম খান বলেন, ‘বানরের পিঠা ভাগের মতো সংসদীয় আসনগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে সরকার। নয় কোটি ভোটারের মধ্যে ইতিমধ্যে ৫২ শতাংশ ভোটারকে ভোটদানের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।’
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে নজরুল ইসলাম খান বলেন, ‘ওবায়দুল কাদের সরকারের পক্ষ থেকে, নাকি তাঁর দলের পক্ষ থেকে, নাকি উভয় পক্ষ থেকে, নাকি শুধুই নিজের পক্ষ থেকে এই বক্তব্য দিয়েছেন, আমরা জানি না। কিন্তু আমরা সবাই এটা জানি যে, তাঁর বক্তব্যের সাথে সরকারের অন্যান্য মন্ত্রী ও নেতাদের বক্তব্যের কোনো মিল নেই। এমন গরমিল আর গোঁজামিল দিয়েই চলছে এই সরকার।’
নজরুল ইসলাম খান বলেন, একাদশ সংসদ নির্বাচন নিয়ে একমাত্র ওবায়দুল কাদের ছাড়া এখন কেউ ভাবছেও না, কোনো আলোচনাও করছে না। সরকারি দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এমন ‘বিভ্রান্তিকর’ ও ‘আজগুবি’ বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
কাদের মোল্লার ফাঁসির রায়ের পর পাকিস্তানের পার্লামেন্টে প্রস্তাব পাসের বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, সরকার জন-আন্দোলন দমাতে গিয়ে জনগণকে বিভক্ত করে দেশ বিভক্ত করেছে। তাই অন্য দেশ এ ধরনের প্রস্তাব পাস করতে পারছে। এ নিয়ে প্রতিবাদ জানানো সরকারের দায়িত্ব। সরকারের আরও আগেই এর প্রতিবাদ জানানো উচিত ছিল। তিনি বলেন, বিএনপি সব সময় যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছে। কিন্তু সরকার যা করছে তা যুদ্ধাপরাধ নয়, মানবতাবিরোধী অপরাধের বিচার। এ দুটি এক নয়। এ বিচার নিয়ে সারা বিশ্বে কিছু আপত্তি আছে। বিএনপি সব সময় স্বচ্ছ, আন্তর্জাতিক মানসম্পন্ন বিচারের কথা বলেছে।
আরেক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, এখনো সমঝোতার সময় আছে। ‘ফলাফল’ বাতিল করে নতুন করে দশম সংসদ নির্বাচনের তফসিল করা সম্ভব।