'হিমশীতল' ঘরে রেখে নিউমোনিয়ার চিকিৎসা!
সব কটি জানালার বেশির ভাগ কাচ ভাঙা। ফাঁকা স্থান দিয়ে বাতাস ঢুকে কক্ষটি হিমশীতল হয়ে রয়েছে। আর এই ঠান্ডা কক্ষে রেখেই চলছে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা! ফলে রোগাক্রান্ত শিশু ও তাদের স্বজনেরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এ চিত্র কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডের।
দুর্ভোগের বিষয়টি অজানা নয় হাসপাতাল কর্তৃপক্ষের। প্রতিকার চেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ প্রকৌশল অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর কাছে এরই মধ্যে এক ডজন চিঠি পাঠিয়েছে। কিন্তু কোনো ফল হয়নি। এ পরিস্থিতিতে বিব্রত চিকিৎসক ও সেবিকারাও।
শিশু ওয়ার্ডের জ্যেষ্ঠ সেবিকা সবিতা রানী রায় বলেন, ‘নিউমোনিয়া ঠান্ডাজনিত রোগ। এ রোগের প্রথম ওষুধ হলো শিশুকে উষ্ণ পরিবেশে রাখা। কিন্তু আমরা তা পারছি না।’
হাসপাতাল সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাসের শুরু থেকে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকে। শুধু গত শনিবার এক দিনেই দুপুর পর্যন্ত এই রোগে আক্রান্ত ২৪ জন শিশুকে হাসাপাতালে ভর্তি করানো হয়। চলতি মাসে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ৯২ জন শিশু। শনিবার শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত ১৪ শয্যার ওয়ার্ডটিতে ভর্তি হওয়া শিশুদের মধ্যে দুজন বাদে সবাই নিউমোনিয়ায় আক্রান্ত। শয্যার চেয়ে রোগী বেশি হওয়ায় অনেককে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানালাগুলোর অধিকাংশ কাচ ভাঙা। ফাঁকা স্থান দিয়ে বাতাস ঢুকছে। মায়েদের কেউ কেউ সন্তানকে কোলে জড়িয়ে উষ্ণতা দেওয়ার চেষ্টা করছেন।
নিউমোনিয়ায় আক্রান্ত তিন মাসের শিশুকে নিয়ে দুই দিন ধরে ওয়ার্ডে রাতযাপন করছেন উপজেলার গজারিয়া ইউনিয়নের নামাপাড়া গ্রামের নাজমা বেগম। তিনি বলেন, ‘ঠান্ডা ঘরে রাইখা ঠান্ডার চিকিৎসা। আল্লাহই জানে পোলা ভালা হইব কি না।’
ভুক্তভোগীরা জানালেন, ঠান্ডা বাতাস ঢোকার পাশাপাশি যোগ হয়েছে শৌচাগার সমস্যা। পয়োনিষ্কাশন প্রক্রিয়ায় ত্রুটি দেখা দেওয়ায় বেশ কিছুদিন ধরে শৌচাগারের দরজায় তালা ঝুলিয়ে রাখা হয়েছে। ফলে নিচতলায় অন্য ওয়ার্ডে গিয়ে শৌচাগার ব্যবহার করতে হচ্ছে শিশু ওয়ার্ডের রোগীর স্বজনদের।
এসব ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা খায়রুল আলম বলেন, ‘সমাধান চেয়ে একাধিকবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। জানতে পেরেছি, তহবিল না থাকায় কিছু করা সম্ভব হচ্ছে না।’