'হিমাদ্রী আমাকে আর গান শোনায় না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দিন হিমাদ্রীর ঘরেই থাকেন মা গোপা মজুমদার। ছেলের ব্যবহূত এক একটি জিনিস নিয়ে স্মৃতির রাজ্যে হারিয়ে যান আর অঝোরে কাঁদতে থাকেন। গতকাল তোলা ছবি । সৌরভ দাশ
সারা দিন হিমাদ্রীর ঘরেই থাকেন মা গোপা মজুমদার। ছেলের ব্যবহূত এক একটি জিনিস নিয়ে স্মৃতির রাজ্যে হারিয়ে যান আর অঝোরে কাঁদতে থাকেন। গতকাল তোলা ছবি । সৌরভ দাশ

‘কোন দেশে বাস করছি, ছেলে হত্যার বিচার পাই না! সবখানে টাকা লাগে। এখন মনে হচ্ছে, এ দেশে আমরা সত্যিকারই সংখ্যালঘু। মাঝে মাঝে মনে হয়, এ দেশ আমাদের না। দেশটি ক্ষমতাবানদের। সবকিছুর প্রতি ঘৃণা এসে গেছে। সারা দিন ঘরে বসে থাকি। বাইরে গেলেই কান্নায় বুক ভেঙে যায়।’
গতকাল রোববার সকালে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার হেমসেন লেইন গ্রিন্ডলেজ ব্যাংক কলোনি আবাসিক এলাকায় বাসায় কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন নিহত হিমাদ্রী মজুমদারের মা গোপা দাশ মজুমদার।

হিমাদ্রী হত্যা
হিমাদ্রী হত্যা

কুকুর লেলিয়ে হিমাদ্রী মজুমদার হত্যা মামলার ২১ মাস পার হলেও বিচারকাজ শুরু হয়নি এখনো। পুলিশ ধরতে পারেনি মামলার গুরুত্বপূর্ণ এক আসামিকে। জামিনে বেরিয়ে গেছেন অপর চার আসামি। মামলার ধীরগতি, ঘাটে ঘাটে টাকা, বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে না আসায় হতাশ ও অসহায় হয়ে পড়েছে হিমাদ্রীর পরিবার। বর্তমানে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য রয়েছে মামলাটি।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশের একটি ভবনের পাঁচতলার ছাদে হিমাদ্রীকে মারধরের পর জার্মানির হিংস্র কুকুর লেলিয়ে দেওয়া হয়। সামারফিল্ড স্কুলের ‘এ’ লেভেলের শিক্ষার্থী এই তরুণকে পরে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এরপর ২৩ মে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান হিমাদ্রী।
শুরু হয়নি বিচারকাজ: মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু হওয়ার দিন ধার্য থাকলেও তা বারবার পিছিয়ে যাচ্ছে। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের বারবার সময়ের প্রার্থনা ও হরতালের কারণে ধার্য দিনে অভিযোগ গঠন করা হয়নি। গত বছরের ১৭ ও ২৮ নভেম্বর এবং ১৬ জানুয়ারি অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ সময়ের প্রার্থনা করলে শুনানি পিছিয়ে যায়। অথচ গত বছরের ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ ।
এই পাঁচজন হলেন ব্যবসায়ী শাহ সেলিম টিপু, তাঁর ছেলে জুনায়েদ রিয়াদ, শাহাদাত হোসাইন, জাহিদুল ইসলাম শাওন ও মাহাবুব আলী খান ড্যানি। এঁদের মধ্যে মাহবুব আলী পলাতক রয়েছেন। অপর চার আসামি উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। ঘটনার পরদিন ২৮ এপ্রিল হিমাদ্রীর বাবা নগরের পাঁচলাইশ থানায় একটি জিডি করেন। হিমাদ্রী মারা যাওয়ার পর তাঁর মামা অসিত দে বাদী হয়ে একই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন পাঁচজনের বিরুদ্ধে।
হিমাদ্রীর বাবা প্রবীর মজুমদার প্রথম আলোকে বলেন, ‘ঘটনার ২১ মাস পার হলেও বিচারকাজ শুরু হয়নি এখনো। জামিনে বেরিয়ে গেছে আসামিরা। পলাতক রয়েছে গুরুত্বপূর্ণ এক আসামি। যেখানে যাই, সেখানেই টাকার খেলা। ঘাটে ঘাটে টাকা দিতে হয়। আসামিরা প্রভাবশালী হওয়ায় মামলা থেকে রেহাই পেতে তদবির চালাচ্ছে।’
প্রবীর মজুমদার আরও বলেন, ‘মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠাতে চাঞ্চল্যকর মামলার মনিটরিং সেল সুপারিশও করেছে। কিন্তু মন্ত্রণালয় থেকে এখনো প্রজ্ঞাপন জারি হয়নি। আমি ছেলে হত্যার বিচার চাই।’
জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘২৭ জানুয়ারি অভিযোগ গঠনে শুনানির দিন ধার্য রয়েছে। আশা করি সেই দিন অভিযোগ গঠন করে পরবর্তী ধার্য দিন থেকে সাক্ষ্য গ্রহণ শুরু করা যাবে।’
অভিযুক্ত প্রধান আসামি শাহ সেলিম টিপু নিজেকে নিদোর্ষ দাবি করে বলেন, ‘আমি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নই।’
থামছে না পরিবারের কান্না: হিমাদ্রীদের বাসায় গিয়ে দেখা গেছে, বসার ঘরে হিমাদ্রীর বিশাল একটি হাস্যোজ্জ্বল ছবি। এখনো তাঁর শোওয়ার ঘরে সযত্নে রয়েছে তাঁর ব্যবহূত কম্পিউটার, গিটার, বই ও আসবাবপত্র। সারা দিন তাঁর ঘরেই থাকেন মা গোপা মজুমদার। তাঁর ব্যবহূত এক একটি জিনিস নিয়ে সঞ্চৃতির রাজ্যে হারিয়ে যান আর অঝোরে কাঁদতে থাকেন।
গোপা মজুমদার বলেন, ‘ঘর থেকে বের হই না। রাস্তায় কোনো ছেলে দেখলে আমার হিমাদ্রীর কথা মনে পড়ে যায়। গান শুনলে মনে হয় আমার হিমাদ্রী গিটার নিয়ে গান করছে। এ জন্য এখন কোনো গানও শুনি না। আর হিমাদ্রীও আমাকে গান শোনায় না।’ থামে না মায়ের আবিরল কান্না। বড় ছেলের এমন পরিণতি দেখে এখন ছোট ছেলে নীলাদ্রীকে নিয়েও নানা উদ্বেগ আর আশঙ্কায় আচ্ছন্ন হয়ে আছেন তাঁরা।