'হিরো'কে বন বিভাগের কাছে হস্তান্তর
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের তুলাবান গ্রামের ‘হিরো’কে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পোষা ভালুককে (হিরো) দেখতে শত শত মানুষ ভিড় করে। এক বছরের বেশি আগে রাঙামাটির দুর্গম পাহাড়ে বাঁশ কাটতে গিয়ে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা তুলাবানের কালাচান চাকমা মা-মরা দুটি বাচ্চা ভালুকের সন্ধান পান। বাচ্চা দুটিকে বাড়িতে এনে লালনপালন করেন তিনি। একটি বাচ্চা মারা যায়। অন্যটিকে পালন করে বড় করে তোলেন। নাম রাখেন হিরো।
গতকাল শুক্রবার বেলা একটায় উপজেলা সদরে মারিশ্যা বিট কার্যালয়ে কালাচান চাকমা বন বিভাগের কর্মকর্তাদের কাছে হিরোকে হস্তান্তর করেন। ভালুকটি বুঝে পাওয়ার পর বন বিভাগের কর্মকর্তারা সরাসরি গাজীপুরের সাফারি পার্কে নিয়ে যান বলে জানা গেছে।
হিরোকে দেখতে আসা মো. আলমগীর হোসেন ও নয়ন জ্যোতি চাকমা বলেন, ‘আমরা এর আগে বাস্তবে ভালুক দেখিনি। সে জন্য তিন কিলোমিটার দূর থেকে দেখতে এসেছি।’
কালাচান চাকমা বলেন, হিরোকে বন বিভাগের কাছে বুঝিয়ে দিতে খুব খারাপ লেগেছে।
বন বিভাগের চট্টগ্রাম অঞ্চলের বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক কাজল তালুকদার বলেন, ‘ভালুকটি মালিকের কাছ থেকে বুঝে পেয়েছি। তিনি আমাদের স্বেচ্ছায় দান করেছেন।’ আজ (গতকাল) রাতের মধ্যে গাজীপুর সাফারি পার্কে ভালুকটি ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানান।