রইছ কাজী (৮৫) এবার দুই একর জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন। আগের বছর একই পরিমাণ জমি থেকে গোলায় ধান তুলেছিলেন ১৪০ মণ। এবার পেয়েছেন মাত্র ৪০ মণ। ব্যাপক ফসলহানির কারণ পাকা ধানের ওপর দিয়ে বয়ে যাওয়া শিলাবৃষ্টি।
উৎপাদন খরচই না ওঠায় রইছ আবাদের সময় করা ঋণের টাকা পরিশোধ করতে পারছেন না। উপায় না পেয়ে তিনি সড়কে নেমে সরকারের কাছে সহায়তা চেয়েছেন। রইছের বাড়ি ভৈরব উপজেলার গজারিয়া গ্রামে।
রইছের মতো ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরবের কয়েক শ কিষান-কিষানি গতকাল বৃহস্পতিবার সহায়তা পাওয়ার আশায় মানববন্ধন করেন। ভৈরব-কিশোরগঞ্জ সড়কের উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি চলে। নাসির উদ্দিন (৭০) উপজেলার গজারিয়া ইউনিয়নের সেচ প্রকল্প পরিচালনা করেন। ফসল ঘরে ওঠাতে না পারায় তাঁরও বড় ক্ষতি হয়ে গেছে। মানববন্ধন চলাকালে নাসির বলেন, ‘হিলে এবার পাকনা ধানে ইচ্ছামতো কিলাইছে। এই কিলে কৃষক মরছে, লগে আমরাও। ধান নষ্ট হইয়া যাওয়ায় কৃষকেরা অহন সেচের দাম দিতে পারতাছে না। এহন বাঁচনের একমাত্র ভরসা সরকার।’
মানববন্ধন শেষে কিষান-কিষানিরা মিছিল করে উপজেলা পরিষদ কমপ্লেক্সে যান। সেখানে স্থানীয় সাংসদ নাজমুল হাসানের দৃষ্টি আকর্ষণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদের মাধ্যমে একটি স্মারকলিপি দেন।
মানববন্ধনে অংশ নেওয়া গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কায়সার আহম্মেদ ভূঁইয়া বলেন, সুদমুক্ত ব্যাংকঋণ প্রদান, ব্যাংকঋণ ও সেচ প্রকল্পের বিদ্যুৎ বিল মওকুফ এবং বিনা মূল্যে সার দেওয়া হলে হয়তো কৃষক পরে ফসল ফলানোর চিন্তা করতে পারেন।