'হুজ হু' অ্যাওয়ার্ড পেলেন ১৩ গুণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৩ জন গুণী ব্যক্তি পেলেন ‘হুজ হু’ বাংলাদেশ, ২০১৬ অ্যাওয়ার্ড। রাজধানীর খিলক্ষেতে একটি অভিজাত হোটেলে মঙ্গলবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পদক দেওয়া হয়।

পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শিক্ষায় অধ্যাপক আনিসুজ্জামান, শিল্প ও সংস্কৃতিতে সন্‌জীদা খাতুন, সাংবাদিকতায় তোয়াব খান, শিল্প ও সাহিত্যে হাসান আজিজুল হক, সামাজিক কর্মকাণ্ডে স্যার ফজলে হাসান আবেদ, ক্রীড়ায় আকরাম খান, কৃষিতে শাইখ সিরাজ, শিল্প-বাণিজ্যে রহিম আফরোজ গ্রুপের পরিচালক নিয়াজ রহিম, উদ্যোক্তায় এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিসউদ্দৌলা, নারী উদ্যোক্তায় ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, দেশের বাইরে অবদান রাখার জন্য ব্যারিস্টার মনোয়ার হোসেন ও এনাম আলী। এ ছাড়া আজীবন সম্মাননা পেয়েছেন সাংবাদিক আবদুল গাফ্‌ফার চৌধুরী।

এর মধ্যে শারীরিক অসুস্থতার জন্য হাসান আজিজুল হক এবং এনাম আলী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, যাঁদের সম্মাননা দেওয়া হয়েছে, তাঁরা সবাই গুণী। এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, হুজ হুর প্রধান উপদেষ্টা এ কে আবদুল মোমেন, প্রধান নির্বাহী নাজিনুর রহমানসহ হুজ হুর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হুজ হু ১৮৪৯ সাল থেকে যুক্তরাজ্যসহ সারা বিশ্বের অনুসরণীয় গুণীজনদের পদক প্রদান ও সংক্ষিপ্ত জীবনী প্রকাশ করে থাকে। এ পর্যন্ত সারা বিশ্বে ৩৩ হাজার গুণীজনের সংক্ষিপ্ত জীবনী প্রকাশ করেছে হুজ হু। এ বছরই প্রথম হুজ হু বাংলাদেশে গুণীদের পদক দিয়েছে। এখন থেকে প্রতিবছর ডিসেম্বর মাসে এই পদক দেওয়া হবে।