'হুন্ডির কারণ প্রবাসী আয় কমেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫-১৬ অর্থবছরে বিদেশে কর্মী পাঠানোর হার ৪৮ শতাংশ বেড়েছে। তবে একই সময়ে রেমিট্যান্স (প্রবাসী আয়) কমেছে ২ দশমিক ৫০ শতাংশ। বিদেশ থেকে লোকজন হুন্ডি করে টাকা পাঠানোর কারণে রেমিট্যান্স কমেছে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম মঙ্গলবার সংসদকে এ তথ্য জানিয়েছেন। জাতীয় পার্টির নুরুল ইসলামের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, গত অর্থবছরে বিদেশে ৬ লাখ ৮৪ হাজার ৫৩৭ জন দক্ষ ও অদক্ষ কর্মীর কর্মসংস্থান হয়েছে।

এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অনেকে বেশি লাভের আশায় হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে টাকা পাঠান। যে কারণে রেমিট্যান্স কমেছে। বর্তমানে হুন্ডি ব্যবসা জমজমাট রূপ নিয়েছে। তবে সরকার হুন্ডি ব্যবসা রোধের চেষ্টা করছে। সফল হলে রেমিট্যান্স বাড়বে।

প্রশ্নোত্তরের আগে বিকেল চারটার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

সানজিদা খানমের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে বিশ্বের ১৬২টি দেশে কর্মী যাচ্ছেন। বিশ্বের কোনো দেশেই কর্মী যাওয়া বন্ধ হয়নি। মমতাজ বেগমের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশে কর্মরত ৬ লাখের বেশি নারীর মধ্যে বিচ্ছিন্ন দু-একটি যৌন নির্যাতনের ঘটনা ঘটতে পারে। এসব ক্ষেত্রে নির্যাতিত নারী কর্মীদের তাৎক্ষণিক উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়।

নুরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বিদেশে ৩৬ লাখ ৩৭ হাজার ৮৬ জন কর্মী পাঠানো হয়েছে। আলী আজমের প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১০ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ৪ হাজার ২৫৬ দশমিক ৯২ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের আটটি দেশ থেকে এসেছে ২ হাজার ৪৪৩ দশমিক ৯৯ মিলিয়ন ডলার এবং অন্যান্য দেশ থেকে এসেছে ১ হাজার ৮১২ দশমিক ৯৩ মিলিয়ন ডলার।

মমতাজ বেগমের প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, দেশে প্রতিদিনই বিপুলসংখ্যক গৃহকর্মীর একাংশ নির্যাতনের শিকার হচ্ছেন। তবে সরকারের কাছে নির্যাতনের সংখ্যাগত কোনো জরিপ নেই।

সফুরা বেগমের সম্পূরক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বাংলাদেশ বর্তমানে চাল আমদানি করে না। বাংলাদেশ সর্বশেষ চাল আমদানি করেছিল ২০১২ সালে। বিশ্বে চাল উৎপাদনকারী দেশের মধ্যে বর্তমানে বাংলাদেশের অবস্থান চতুর্থ। দেশ বর্তমানে চাল রপ্তানির যোগ্যতা অর্জন করেছে। যে কারণে সরকারিভাবে চাল আমদানির কোনো পরিকল্পনা নেই। বেসরকারিভাবে স্থলপথে যাঁরা চাল আমদানি করে থাকেন, তাঁদের ২৫ শতাংশ শুল্ক দিতে হয়। এই শুল্ক কমবে না।

স্বতন্ত্র সাংসদ রহিম উল্লাহর প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, ২০১৫-১৬ অর্থবছরে দেশে চাল উদ্বৃত্ত ছিল ২৭ দশমিক ৭০ লাখ মেট্রিক টন, গমের ঘাটতি ছিল ১৫ দশমিক ৫০ মেট্রিক টন। মোটের ওপর খাদ্যশস্যের উদ্বৃত্ত প্রায় ১২ দশমিক ২০ লাখ মেট্রিক টন।