'হুমকিধমকি, অর্থের ছড়াছড়ি নিয়ন্ত্রণে ব্যর্থ ইসি'
ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী এবং ঢাকা দক্ষিণের মেয়র পদপ্রার্থী বজলুর রশীদ ফিরোজের নির্বাচন পরিচালনা কমিটি অভিযোগ করেছে, নির্বাচনে হুমকিধমকি, ধনী প্রার্থীদের অর্থের ছড়াছড়ি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে নির্বাচন কমিশন (ইসি)৷ আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারেনি তারা৷
গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ অভিযোগ করা হয়৷ এই দুই প্রার্থীর নির্বাচন পরিচালনাকারী কমিটির সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স ও রাজেকুজ্জামান রতন বিবৃতিতে এ অভিযোগ করেন৷
বিবৃতিতে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন স্থানে আবদুল্লাহ আল ক্বাফী ও বজলুর রশীদের কর্মীদের প্রচার চালাতে দিচ্ছে না ক্ষমতাসীন দলের সমর্থক পরিচয়দানকারীরা৷ দেয়ালে পোস্টার লাগানো, পত্রিকা, অনলাইন মাধ্যম, টিভিতে প্রচারের ব্যয় কেউ দেখছে না। আচরণবিধি লঙ্ঘন করে মসজিদ-মন্দিরে প্রচার চালানো হলেও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।