'হুমকির' মুখে ৪৪ কেন্দ্রে এজেন্ট পাচ্ছে না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় দফায় আজ শনিবার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট। আওয়ামী লীগের নেতা-কর্মীদের ‘হুমকির’ মুখে এসব ইউপির ১০৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৪টিতে বিএনপির প্রার্থীরা এজেন্ট দিতে পারছেন না।
গতকাল শুক্রবার বিকেলে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক সভাপতি মমিনুল হক এ অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মাহমুদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আবদুর রহমান মিয়াজী, সদস্যসচিব নাদিম উল্যাহ প্রমুখ।
লিখিত বক্তব্যে মমিনুল হক বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের অব্যাহত হামলা, হুমকি ও ভয়ভীতির কারণে বিএনপির প্রার্থীরা ৪৪টি কেন্দ্রে এজেন্ট দিতে পারছেন না। কেন্দ্রগুলোর মধ্যে রাজারগাঁও ইউপিতে চারটি, বাকিলায় চারটি, কালচোঁ দক্ষিণে তিনটি, হাজীগঞ্জ সদরে চারটি, বড়কুল পশ্চিমে চারটি, বড়কুল পূর্বে তিনটি, হাটিলা পূর্বে নয়টি, গন্ধর্ব্যপুর উত্তরে পাঁচটি, গন্ধর্ব্যপুর দক্ষিণে চারটি ও হাটিলা পশ্চিমে চারটি কেন্দ্র রয়েছে। এ ঘটনায় প্রশাসনের সহায়তা চেয়ে তিনি বলেন, যদি ৫০ শতাংশ ভোটও সুষ্ঠু হয়, তবে সব কটি ইউপিতে বিএনপির প্রার্থীরা জয়ী হবেন।
বাকিলা ইউপিতে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান গতকাল সকালে প্রথম আলোকে বলেন, ‘আমার ইউপির রাঁধাসার, ছয়ছিলা ও বাখড়পাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এজেন্ট দিতে কাউকে পাচ্ছি না।’ তাঁর অভিযোগ, আওয়ামী লীগের প্রার্থীর হুমকি-ধমকি ও ভয়ভীতির কারণে কেউ এজেন্ট হতে রাজি হচ্ছেন না।
আওয়ামী লীগের ইউপি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী আশ্রাফ বলেন, তাঁরা এজেন্ট পাচ্ছেন না, এটা তাঁদের দলের দুর্বলতা। তাঁর দলের নেতা-কর্মীরা কাউকে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখাননি।
এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য তিন প্লাটুন র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব), ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও আনসার বাহিনীর কয়েক শ সদস্য মোতায়েন থাকছেন। এ ছাড়া ছয়জন হাকিম ভ্রাম্যমাণ দলে থাকবেন।