
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান পাপমুক্তি ও আত্মশুদ্ধির আকুল বাসনা নিয়ে গতকাল সোমবার পবিত্র হজ পালন করেছেন। ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ হজ।
গতকাল সূর্যোদয়ের পর লাখ লাখ হাজি মিনা থেকে রওনা হন আরাফাতের ময়দানের দিকে। ট্রেন, বাস আর হেঁটে হাজিরা আরাফাতের ময়দানে হাজির হন। লাখো কণ্ঠে ছিল একটাই রব, ‘আমি হাজির; হে আল্লাহ, আমি হাজির। তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই। সব সাম্রাজ্যও তোমার (লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়ালমুল্ক লা শারিকা লাকা।’
মক্কা থেকে ১৫ কিলোমিটার দূরে আরাফাতের ময়দান। সেখানে হাজিদের কেউ তাঁবু টানিয়ে, কেউবা খোলা আকাশের নিচে মাথায় ছাতা ধরে দেশ-জাতি-বর্ণ-নির্বিশেষে এক কাতারে অবস্থান নেন। হজের অন্যতম অংশ হিসেবে এদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এ ময়দানে অবস্থান করতে হয়।
মসজিদে নামিরাহ থেকে হজের খুতবা দেওয়া হয়। সৌদি আরবের প্রধান মুফতি আবদুল আজিজ আল শাইখ খুতবা দেন। গতকাল দুপুরে বাংলাদেশ টেলিভিশন হজের এ খুতবা সরাসরি সম্প্রচার করেছে।
হজের দিন জাবালে রহমত বা রহমতের পাহাড়ে উঠে হাজিরা ইবাদত করেন। এ পাহাড়ে একটি উঁচু পিলার আছে। জনশ্রুতি আছে, হজরত আদম (আ.) ও বিবি হাওয়া দীর্ঘদিন কান্নাকাটির পর এখানেই এসে মিলিত হয়েছিলেন। আর হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের দিন এই পাহাড়ের কাছে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন। ১০ জিলহজ হাজিরা যখন মুজদালিফা থেকে মিনায় ফেরেন, তখন মক্কায় স্থানীয়দের মধ্যে যাঁরা হজ পালন করেন না, তাঁরা ঈদের জামাতে শরিক হন। সৌদি নাগরিকেরা পাঁচ বছর পর পর একবার হজ করার অনুমতি পান। ভিড় কমানো এবং সারা বিশ্বের মুসলমানদের হজের সুযোগ করে দেওয়ার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আরাফাতের ময়দানে একাধিক রাস্তা আছে। প্রচণ্ড তাপ থেকে হাজিদের রক্ষার জন্য ময়দানে টানানো হয়েছে কয়েক হাজার তাঁবু। ময়দানজুড়ে আছে প্রচুর নিমগাছ। স্বয়ংক্রিয় মেশিনে ছিটানো হয় প্রচুর পানি। নিরাপত্তাব্যবস্থা নিশ্ছিদ্র করতে থাকে কয়েক হাজার নিরাপত্তাকর্মী। জরুরি স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ৩০টি হাসপাতাল, ক্লিনিক ও সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তাদের প্রস্তুত রাখা হয়।
আরাফাতের ময়দানে এত আয়োজনের মূল কারণ, হজের তিনটি ফরজের মধ্যে আরাফাতে অবস্থানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরাফাতে অবস্থান করা ছাড়া হজ পরিপূর্ণ হয় না। খুতবা শেষে হাজিরা গতকাল আরাফাতের ময়দানে জোহর ও আসরের নামাজ আদায় করেন। বয়ান শুনে সূর্যাস্তের পর তাঁরা মিনার পথে প্রায় আট কিলোমিটার পাড়ি দিয়ে বালু ও কঙ্করময় মুজদালিফা উপত্যকায় যান। মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ আদায় করেন হাজিরা। পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আসকার করে তাঁরা সেখানে রাত কাটান। এখান থেকে ৭০টি করে ছোট পাথর সংগ্রহ করে সূর্যোদয়ের পর আজ মঙ্গলবার মিনার তাঁবুতে ফিরে যাবেন তাঁরা। সেখানে তাঁরা শয়তানের তিনটি প্রতীকী প্রতিকৃতিতে পাথর মারবেন। দেবেন পশু কোরবানি। কোরবানি শেষে হাজিরা মিনা থেকে মক্কায় ফিরে কাবা শরিফ সাতবার তাওয়াফ করবেন। জমজম কূপের পানি পান করবেন। সাফা-মারওয়া পাহাড় সাতবার প্রদক্ষিণ করে মাথার চুল ছেঁটে বা মাথা মুড়িয়ে হজের অত্যাবশ্যকীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
মক্কায় বিদায়ী তাওয়াফ করার পর হাজিরা যাঁর যাঁর দেশে ফিরে যাবেন। হজের আগে যাঁরা মদিনায় যাননি, তাঁরা মদিনায় যাবেন। তবে মদিনায় যাওয়া হজের অংশ নয়।